অ্যাকসেসিবিলিটি লিংক

তাপসী তাবাসসুমঃ মুহাম্মদ ইউনূস নিয়ে মন্তব্য করা লালমনিরহাটের ম্যাজিস্ট্রেট সাময়িক বরখাস্ত

সদ্য সাসপেন্ড হওয়া লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি। ফাইল ফটো।
সদ্য সাসপেন্ড হওয়া লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি। ফাইল ফটো।

লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে ওএসডি করার এক দিন পর তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

সোমবার (৭ই অক্টোবর) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে, বলা আছে বিজ্ঞপ্তিতে।

কী কারণে তাপসী তাবাসসুমকে সাসপেন্ড করা হয়েছে, সে বিষয়ে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।

তবে ধারনা করা হয়, সামাজিক মাধ্যম ফেসবুকে ম্যাজিস্ট্রেটের মন্তব্যের কারণে এই পদক্ষেপ নেয়া হয়ে থাকতে পারে।

রবিবার (৬ সেপ্টেম্বর) ঢাকার দ্য ডেইলি স্টার বাংলায় লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রাকিব হাইদারকে উদ্ধৃত করে বলা হয়, “অফিসারের ফেসবুক পোস্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এসেছে।”

সম্প্রতি তাপসী তাবাসসুম এক ফেসবুক পোস্টে লেখেন, “সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে চাপ দেওয়া হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! মহাশয়, আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে।”

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফটোঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৪।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফটোঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৪।

ধারনা করা হয়, ২৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কে ভয়েস অফ আমেরিকাকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এক মন্তব্য নিয়েই তিনি এই পোস্ট দিয়েছিলেন।

ড. ইউনূসকে ভিওএ সাক্ষাৎকারে জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মর্যাদা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি উত্তর দেননি। তিনি ছাত্রদের অভ্যুত্থানের কথা উল্লেখ করেন এবং বলেন “অতীত চলে গেছে।”

“প্রথম স্বীকার করতে হবে যে, তারা বলেছে, ছাত্ররা বলেছে যে আমারা রিসেট বাটন পুশ করেছি। এভরিথিং ইজ গন। অতীত নিশ্চিতভাবে চলে গেছে। এখন নতুন ভঙ্গিতে গড়ে তুলবো,” ড. ইউনূস ভিওএ-কে বলেন।

অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে এই ফেসবুক পোস্টের জেরেই লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল রবিবার।

রবিবার রাতেই লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় থেকে রিলিজ দেওয়া হয় তাপসীকে।

তাপসী তাবাসসুম ৪০তম বিসিএসে প্রশাসন ক্যাডারে নিয়োগ পান এবং ২০২২ সালের ডিসেম্বরে চাকুরীতে যোগ দেন।

This item is part of
XS
SM
MD
LG