নোভা মিউজিক ফেস্টিভ্যালে গত বছর ৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাস হামলা চালিয়ে শত শত ইসরায়েলিকে হত্যা করে এবং অনেককে অপহরণ করে গাজায় নিয়ে যায়।
সেই ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে, দক্ষিণ ইসরায়েলের কিবুতজ রেইমের কাছে অবস্থিত এই জায়গাটিতে লোকজন সমবেত হয়। এই ফটো গ্যালারিতে সেই দিন থেকে নিহতদের প্রতিকৃতি সহ একটি ম্যুরাল এবং পোড়া গাড়ির স্তূপও দেখা যাচ্ছে। সোমবার, ৭ অক্টোবর, ২০২৪।
উৎসবে নিহতদের পরিবার ও বন্ধুবান্ধব মোমবাতি প্রজ্বলন করতে ডিজে মঞ্চের চারপাশে জড়ো হয়। প্রিয়জনের ছবি বা স্মৃতিচিহ্ন নিয়ে একে অপরকে আলিঙ্গন করতেও দেখা গেছে তাদের।
দক্ষিণ ইসরায়েলে ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১,২০০ জন নিহত হয় এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করা হয়। এই ঘটনার পর হামাস-ইসরায়েল যুদ্ধের সূচনা হয়, এবং তারপর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান আজকে এক বছরে পদার্পণ করেছে।
এদিকে, ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহ ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ মধ্যপ্রাচ্য জুড়ে আরও বড় যুদ্ধের উত্তেজনাকে ইন্ধন দিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের আক্রমণ ও বোমাবর্ষণ ৪২,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের সিংহভাগ নারী এবং শিশু।
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।