অ্যাকসেসিবিলিটি লিংক

আইনজীবী জেড আই খান পান্নাসহ ১৮০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

মানবাধিকারকর্মী ও আইনজীবী জেড আই খান পান্না এবং বিজিবি সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
মানবাধিকারকর্মী ও আইনজীবী জেড আই খান পান্না এবং বিজিবি সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে মানবাধিকারকর্মী ও আইনজীবী জেড আই খান পান্না এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ ১৮০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রবিবার খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, নিহত আহাদুল ইসলামের বাবা মোহাম্মদ বাকের বাদী হয়ে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে খিলগাঁও থানায় মামলাটি দায়ের করেন।

অভিযোগের কোনো সত্যতা আছে কি না তা খতিয়ে দেখা হবে বলে জানান ওসি দাউদ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯ জুলাই গণঅভ্যুত্থানে মেরাদিয়া বাজার এলাকায় আহাদুলসহ অন্যরা বিক্ষোভ করছিলেন। এ সময় পুলিশ, বিজিবি সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে আহাদুল গুলিবিদ্ধ হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, পিবিআইয়ের সাবেক সভাপতি বনজ কুমার মজুমদার, র‌্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশীদকে মামলার আসামি করা হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ অগাস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন।

শেখ হাসিনার বিরুদ্ধে ১৫ অগাস্ট প্রথম মামলা হয় ঢাকার আদালতে। এর পর থেকে তার বিরুদ্ধে সারা দেশে ২০০ শর বেশি মামলা হয়েছে।

অধিকাংশ মামলায় হত্যার অভিযোগ আনা হয়েছে। মামলায় শেখ হাসিনা ছাড়াও তার সরকারের সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের নেতা–কর্মী, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনারসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কয়েকজন সাবেক সরকারি কর্মকর্তা এবং সাংবাদিক ও সাহিত্যিকসহ শত শত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

ব্যাপক হারে হত্যা মামলা এবং তার ভিত্তিতে গ্রেফতার ও পুলিশ রিমান্ড মঞ্জুর করা নিয়ে আইনজীবী ও সাংবাদিক মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম ১৬ সেপ্টেম্বর আশ্বাস দেন যে, প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না।

This item is part of
XS
SM
MD
LG