অ্যাকসেসিবিলিটি লিংক

মনিকা-ঋতুপর্ণার গোলে সাফের মুকুট ধরে রাখল বাংলাদেশ

নারী চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখল বাংলাদেশের মেয়েরা। ৩০ অক্টোবর, ২০২৪।
নারী চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখল বাংলাদেশের মেয়েরা। ৩০ অক্টোবর, ২০২৪।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আলো ছড়িয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখল বাংলাদেশ। এই জয়যাত্রায় ফাইনালে আবারও তাদের কাছে হেরেছে স্বাগতিক নেপাল।

বুধবার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়েছে পিটার বাটলারের শিষ্যরা।

এদিন প্রথমার্ধে চেষ্টার পরও কেউ সফল না হলে স্কোরলাইনে কোনো পরিবর্তন না এনেই বিরতিতে যান দুদলের ফুটবলাররা। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নামার কিছুকক্ষণ পরই এগিয়ে যায় বাংলাদেশ।

ম্যাচের ৫২তম মিনিটে দারুণ এক আক্রমণে উঠে নেপালের রক্ষণ ভেঙে বাংলাদেশকে এগিয়ে নেন মনিকা চাকমা। এরপর অবশ্য সমতায় ফিরতে বেশিক্ষণ সময় নেয়নি স্বাগতিকরাও।

গোল হজম করার তিন মিনিট পরই ম্যাচজুড়ে দুর্দান্ত খেলা প্রীতি রাইয়ের অসাধারণ এক থ্রু পাস ধরে লক্ষ্যভেদ করেন নেপালি ফরোয়ার্ড আমিশা।

এরপর এগিয়ে যাওয়ার লক্ষ্যে দুই দলেরই প্রচেষ্টায় জমে যায় ম্যাচ। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৮১তম মিনিটে বাঁ পাশ দিয়ে দারুণ এক আক্রমণে উঠে বাংলাদেশকে জয়সূচক গোলটি এনে দেন ঋতুপর্ণা চাকমা।

এর পরের সময়টুকু নিজেদের জাল অক্ষত রেখে শিরোপাজয়ের আনন্দে ভাসেন সাবিনারা।

সাফে বাংলাদেশের মেয়েদের এটি টানা দ্বিতীয় শিরোপা। ২০২২ সালে অনুষ্ঠিত গত আসরের শিরোপা-নির্ধারণী ম্যাচও হয়েছিল এই দুই দলের মধ্যে; ভেন্যুও ছিল একই। সেবার নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিল বাংলাদেশ।

This item is part of
XS
SM
MD
LG