অ্যাকসেসিবিলিটি লিংক

চিন্ময় দাসের জামিন নাকচে আদালত প্রাঙ্গণে চরম উত্তেজনা, চট্টগ্রামে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

 চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে চরম উত্তেজনায় বিজিবি মোতায়েন
চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে চরম উত্তেজনায় বিজিবি মোতায়েন

চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন বাতিলের ঘটনার প্রতিবাদে ইসকন সমর্থকদের বিক্ষোভের কারণে পুলিশ ও ইসকন সমর্থকদের মধ্যে আদালত প্রাঙ্গণে তুমুল সংঘর্ষ হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করছেন তার অনুসারীরা।

চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক কাজী শরীফুল ইসলাম তার জামিন নাকচ করার আদেশ দেন।

দুপুরের দিকে চিন্ময়কে বহনকারী পুলিশের গাড়ি ঘিরে ধরেন তার হাজারো সমর্থকরা।

প্রায় ৩ ঘণ্টা চলে উত্তেজনা, পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে ও হট্টগোল থামাতে লাঠিচার্জ করেছে।

বিক্ষোভ ঘিরে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য সতর্কতামূলকভাবে ঢাকা ও চট্টগ্রামে বিজিবি মোতায়েন করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ঢাকার বিভিন্ন স্থানে ৪ প্লাটুন এবং চট্টগ্রাম মহানগরীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকার শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

একই কারণে চট্টগ্রাম মহানগরীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক খুদেবার্তায় জানানো হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG