অ্যাকসেসিবিলিটি লিংক

ড. ইউনূসের বিরুদ্ধে করা শ্রম আইনের ৫ মামলা বাতিলের রায় বহাল

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস (ফাইল ছবি)
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস (ফাইল ছবি)

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ঢাকার শ্রম আদালতে করা পাঁচ মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে রবিবার (৮ ডিসেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ রায় দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক, আর ড. ইউনূসের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান।

রায়ের পর মুস্তাফিজুর রহমান খান জানান, শ্রম আদালতে ড. ইউনূসের নামে করা পাঁচটি মামলা গত অক্টোবরে বাতিল করে দেয় হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে। তবে সেই আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। ফলে হাইকোর্টের রায় বহাল থাকছে।

এ মামলাগুলো বাতিল প্রশ্নে জারি করা রুল নিষ্পত্তি করে গত ২৪ অক্টোবর পৃথক রায় দেয় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। রায়ে মামলাগুলোর কার্যকারিতা বাতিল করা হয়। পরে এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। যেটি আজ খারিজ করল আপিল বিভাগ।

ঢাকার তৃতীয় শ্রম আদালতে ২০১৯ সালের ৩ জুলাই ড. মুহাম্মদ ইউনূসসহ তিনজনের নামে মামলা করেন তারই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কমিউনিকেশন্সের চাকরিচ্যুত সাবেক তিন কর্মচারী- আব্দুস সালাম, শাহ আলম ও এমরানুল হক।

একই বছর হোসাইন আহমেদ ও আব্দুর গফুর নামে আরও দই ব্যক্তি তার বিরুদ্ধে মামলা করেন।

এসব মামলা বাতিল চেয়ে ২০২০ সালে হাইকোর্টে আবেদন করেছিলেন ড. ইউনূস। তখন হাইকোর্ট মামলা বাতিলে রুল জারি করেন। এরপর পৃথক শুনানি শেষে গত ২৪ অক্টোবর রায় দেন হাইকোর্ট।

This item is part of
XS
SM
MD
LG