অ্যাকসেসিবিলিটি লিংক

টঙ্গীর ইজতেমা মাঠ এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে

টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ ও এর আশপাশের এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ১৮ ডিসেম্বর, ২০২৪।
টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ ও এর আশপাশের এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ১৮ ডিসেম্বর, ২০২৪।

গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ দুই পক্ষের সংঘর্ষের ঘটনার পর ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, ইজতেমা মাঠ ও আশপাশের এলাকায় পাহারায় রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও নাশকতা ঠেকাতে প্রস্তুত রয়েছেন তারা।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও কামারপাড়া রোডসহ আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এসব সড়কে চলাচলকারীদের মধ্যে কাউকে সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হচ্ছে।

এর আগে বুধবার পুলিশের গণবিজ্ঞপ্তি ও অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশের দুপুর ২টার পর মাঠ ছাড়তে শুরু করেন মাওলানা সাদ কান্ধলভী অনুসারীরা। বিকেল ৫টার দিকে খালি হয়ে যায় প্রায় পুরো মাঠ।

তবে ৫ দিনের জোড় ইজতেমা উপলক্ষে টঙ্গীর তুরাগ তীরের ময়দানে আসা তাবলিগ জামায়াতের নিজামউদ্দিন মারকাজের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের কেউ কেউ রাতে তুরাগ নদীর পশ্চিম পাড়ের টিনশেড মসজিদে অবস্থান করেছেন। তারা বৃহস্পতিবার সকাল থেকে বের হয়ে যান তাদের গন্তব্যে। ইজতেমা মাঠ এখন পুরোপুরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার এন এম নাসির উদ্দিন জানান, ইজতেমা মাঠ ও আশপাশের ৩ কিলোমিটারের মধ্যে জমায়েত নিষিদ্ধসহ কিছু বিধিনিষেধ দিয়ে বুধবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। সন্ধ্যার মধ্যে মাঠ ছাড়তে বলা হয়। এরপরে মাঠ খালি হতে থাকে। এখন থেকে মাঠ সরকারের নিয়ন্ত্রণে থাকবে।

This item is part of
XS
SM
MD
LG