অ্যাকসেসিবিলিটি লিংক

পদ্মা ব্যাংককে একীভূত না করার সিদ্ধান্ত এক্সিম ব্যাংকের

পদ্মা ব্যাংক এবং এক্সিম ব্যাংকের লোগো
পদ্মা ব্যাংক এবং এক্সিম ব্যাংকের লোগো

ঋণ অনিয়ম আর অব্যবস্থাপনায় ডুবতে বসা পদ্মা ব্যাংক পিএলসিকে একীভূত করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি (এক্সিম ব্যাংক)।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে সোমবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয়।

চলতি বছরের শুরুতে দুর্বল ব্যাংকগুলো একীভূত করতে উদ্যোগ নিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক। এই উদ্যোগের প্রথম পদক্ষেপ হিসেবে এক্সিম ও পদ্মা ব্যাংকের একীভূত হওয়ার সিদ্ধান্ত হয়। সে সময় একীভূতকরণ সংক্রান্ত নীতিমালাও জারি করা হয়।

এরপর ১৪ মার্চ এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় পদ্মা ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ১৮ মার্চ একীভূতকরণ প্রক্রিয়া শুরু করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারকও সই হয়। তবে ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তিত বাস্তবতায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে এক্সিম ব্যাংক।

২০১৩ সালে চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে অনুমোদন পায় সাবেক ফারমার্স ব্যাংক। চতুর্থ প্রজন্মের ব্যাংকের মধ্যে এই ব্যাংকেই বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটে কার্যক্রম শুরুর কয়েক বছরের মধ্যে। এরপর ব্যাংকটির পর্ষদে বড় ধরনের পরিবর্তন আসে। ফারমার্স ব্যাংকের নাম বদলে করা হয় পদ্মা ব্যাংক। ২০১৭ সালে ব্যাংকটির মালিকানার সঙ্গে যুক্ত হয় সরকারি একাধিক ব্যাংক ও সংস্থা।

অন্যদিকে এক্সিম ব্যাংকের কার্যক্রম শুরু হয় ১৯৯৯ সালে। বর্তমানে এটি ইসলামি ধারার একটি ব্যাংক। ২০০৪ সালে তারা শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

This item is part of
XS
SM
MD
LG