অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরায়েলি হামলায় পাঁচজন সাংবাদিক নিহত, বলছে ফিলিস্তিনি চ্যানেল 

গাজায় জিম্মি ইসরায়েলিদের আত্মীয় এবং সমর্থকরা ২০২৪ সালের ২৫ ডিসেম্বর তেল আবিবে অপহৃতদের ফিরিয়ে আনার চুক্তির দাবিতে অবস্থান ধর্মঘটে অংশ নেয়। 
গাজায় জিম্মি ইসরায়েলিদের আত্মীয় এবং সমর্থকরা ২০২৪ সালের ২৫ ডিসেম্বর তেল আবিবে অপহৃতদের ফিরিয়ে আনার চুক্তির দাবিতে অবস্থান ধর্মঘটে অংশ নেয়। 

ফিলিস্তিনি চিকিৎসা কর্মীরা জানান, বৃহস্পতিবার ভোরে গাজার কেন্দ্রস্থলে নুসেইরাত শিবিরে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন।

জঙ্গিগোষ্ঠী ইসলামিক জিহাদের সাথে সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেল আল-কুদস এক বিবৃতিতে জানায়, বিমান হামলায় একটি সম্প্রচার ট্রাকে আঘাত করা হয় এবং এতে পাঁচজন কর্মী নিহত হন।

চ্যানেলটি বলে, সাংবাদিকতা ও মানবিক দায়িত্ব পালনকালে তাদের হত্যা করা হয়।

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তাদের বাহিনী নুসেইরাত এলাকায় ইসলামিক জিহাদ সন্ত্রাসীদের বহনকারী একটি গাড়িতে হামলা চালিয়েছে।

গাজার দক্ষিণ অঞ্চলে এক শিশুকন্যা ঠান্ডায় জমে মারা গেছে বলে বুধবার ওই ছিট মহলের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রধান জানিয়েছেন। গত কয়েক দিনে ঠান্ডায় মারা যাওয়া নবজাতকের মধ্যে ওই শিশুটি তৃতীয়।

মেয়েটির বাবা মাহমুদ আল-ফাসিহ এপিকে বলেন, খান ইউনিসের বাইরে আল-মুওয়াসি শিবিরে পরিবারের তাঁবুতে মেয়েটিকে উষ্ণ রাখার চেষ্টা করার জন্য তিনি শিশুটিকে একটি কম্বলে জড়িয়ে রেখেছিলেন।

তিনি বলেন, “ রাতে খুব ঠান্ডা ছিল। আমরা প্রাপ্তবয়স্ক হয়েও সেই ঠান্ডা সহ্য করতে পারিনি। নিজেদেরকে উষ্ণ রাখতে পারিনি।” শিশু সিলা রাতে তিনবার কাঁদতে কাঁদতে জেগে ওঠে। তিনি বলেন, সকালে সিলা কাঠের মত শক্ত হয়ে গেছিল। তারা শিশুটিকে একটি ফিল্ড হাসপাতালে নিয়ে যান, কিন্তু শিশুটিকে বাঁচানো যায়নি।

খান ইউনিসের নাসের হাসপাতালের শিশু ওয়ার্ডের পরিচালক ডঃ আহমেদ আল-ফাররা নিশ্চিত করেন যে, শিশুটি হাইপোথারমিয়ায় মারা গেছে। তিনি জানান, গত দুই দিনে আরো দুটি শিশু হাইপোথারমিয়ায় মারা গেছে; উভয়ের বয়সী ছিল এক মাসেরও কম।

এপি জানায়, ইসরায়েল গাজায় আরও ত্রাণের অনুমতি দিচ্ছে। ডিসেম্বরের প্রতিদিন গড়ে ১৩০ ট্রাক ত্রাণ দেয়া হয়। নভেম্বরে ত্রাণের ট্রাকের সংখ্যা ছিল দৈনিক ৭০ টি। যুদ্ধের আগে প্রতিদিন প্রায় ৫০০ ট্রাক ত্রাণ আসতো।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG