অ্যাকসেসিবিলিটি লিংক

সাংবাদিকরা অস্থায়ী পাসে সোমবার থেকে সচিবালয়ে ঢুকতে পারবেন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে সোমবার থেকে অস্থায়ী পাস দেওয়া হবে বলে জানিয়েছে তথ্য অধিদপ্তর (পিআইডি)।

রবিবার (২৯ ডিসেম্বর) পিআইডির এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের নেতারা।

বৈঠকে সংগঠনের দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত হয়। বিএসআরএফ সদস্যসহ সচিবালয় বিটে নিয়মিত কর্মরত সাংবাদিকরা যেন আগের মতো প্রবেশ করতে পারেন বৈঠকে এ দাবি জানান বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মাসউদুল হক।

মাসউদুল হক দাবি জানিয়ে বলেন, “বিএসআরএফ সদস্যসহ সচিবালয় বিটে যারা নিয়মিত দায়িত্ব পালন করেন, তাদের কার্ড যেন বাতিল না হয়।“

এ দাবির পরিপ্রেক্ষিতে উপদেষ্টা জানান, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সদস্যসহ সচিবালয় বিটে নিয়মিত কর্মরত সাংবাদিকরা আগামীকাল (সোমবার) অস্থায়ী পাসের মাধ্যমে প্রবেশ করতে পারবেন।

তথ্যবিবরণীতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে তদন্তের স্বার্থে দর্শনার্থী, সাক্ষাৎপ্রার্থী ও সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে নিষেধ করা হয়েছিল।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আগের অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্মূল্যায়ন করছে, খুব শিগগির নতুন করে স্থায়ী বা অস্থায়ী কার্ড আর পাস দেওয়া হবে।

সোমবার থেকে সাংবাদিকদের অস্থায়ী পাস দেওয়া হবে।

এর আগে গত শুক্রবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে সচিবালয়ে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে দেওয়া স্থায়ী প্রবেশ পাস (ডিজিটাল অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম) এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দেওয়া অস্থায়ী প্রবেশ পাস ছাড়া সব ধরনের অস্থায়ী (বেসরকারি ব্যক্তিদের জন্য) সচিবালয় প্রবেশ পাস বাতিল করা হলো।

আর সাংবাদিকদের অনুকূলে ইস্যু করা অ্যাক্রিডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হলো।

সংগঠনের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাবের নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন বিএসআরএফ সাধারণ সম্পাদক মাসউদুল হক।

আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী আজাদ মাসুম, সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম, অর্থ সম্পাদক শফিউল্লাহ সুমন, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন (রাকিব), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ফারুক আলম, কার্যনির্বাহী সদস্য ঝর্ণা রায়, উবায়দুল্লাহ বাদল, মিজানুর রহমান চৌধুরী, মাহমুদ আকাশ, মো. রাকিব হাসান, মহসীনুল করিম লেবু, আয়নাল হোসেন, সংগঠনের সদস্য এম এ নোমান আমিরুল ইসলাম, শাহনাজ বিশ্বাস ইয়াসমিন, মো. আরীফ হোসেন, মো. শামছুল ইসলাম, হাসিফ মাহমুদ শাহ ও ইসমাইল হোসাইন রাসেল।

বিএসআরএফ সদস্যদের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। ১৫ দিনের জন্য তালিকা অনুযায়ী আপাদত গেইটে অস্থায়ী পাস দেওয়া থাকবে।

This item is part of
XS
SM
MD
LG