অ্যাকসেসিবিলিটি লিংক

সিলেটের আদালতে ছাত্রলীগের ২২ নেতাকর্মীর আত্মসমর্পণ, ১৬ জনের জামিন

সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ ছাত্রলীগের ২২ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেন। ২৯ ডিসেম্বর, ২০২৪।
সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ ছাত্রলীগের ২২ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেন। ২৯ ডিসেম্বর, ২০২৪।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিলেটের বিশ্বনাথে আল হেরা শপিং সিটিতে হামলা ও ভাঙচুর মামলায় ছাত্রলীগের ২২ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন।

রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর দিকে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ তারা আত্মসমর্পণ করেন।

আদালতে তারা জামিন আবেদন করলে আদালত ১৬ জনের জামিন মঞ্জুর করেছেন। বাকি ছয়জনের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জামিন শুনানিতে এ আদেশ দেন সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১–এর বিচারক ধ্রুব জ্যোতি পাল। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী।

আত্মসমর্পণকারীদের মধ্যে জামিন পাননি বিশ্বনাথের মুফতিরগাঁও গ্রামের রাজন আহমেদ অপু, জাকির হোসেন, জানাইয়া গ্রামের কয়েস আহমেদ, মাসুদ আহমেদ ও আবুল মিয়া, শাহজিরগাঁও গ্রামের ইমন আহমদ।

এর আগে গত ১৮ আগস্ট সিলেটের বিশ্বনাথের আল-হেরা শপিং সিটিতে ৪ আগস্ট হামলা ও ভাঙচুরের ঘটনায় ৮৩ জনকে আসামি করে বিশ্বনাথ থানায় মামলা করেন শপিং সিটির চেয়ারম্যান ছাদেকুর রহমান।

মামলায় অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়। মামলায় এর আগে পাঁচজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাঁদের মধ্যে চারজন জামিনে রয়েছেন।

This item is part of
XS
SM
MD
LG