অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় ইসলামিক স্টেটের অবস্থান লক্ষ্য করে ফ্রান্সের বিমান হামলা

ফাইল ছবি—ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়েন লেকরনু বার্লিনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন (২৫ নভেম্বর, ২০২৪)  
ফাইল ছবি—ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়েন লেকরনু বার্লিনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন (২৫ নভেম্বর, ২০২৪)  

মঙ্গলবার ফ্রান্স বলেছে, তারা সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গিদের অবস্থানের ওপর বিমান হামলা চালিয়েছে।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়েন লেকরনু জানান, রবিবার এই হামলা চালানো হয়েছে। তবে সিরিয়ার ঠিক কোন অবস্থানে এই হামলা চালানো হয়েছে তা নির্দিষ্ট করে বলেননি তিনি।

এ সপ্তাহে যুক্তরাষ্ট্র ইসলামিক স্টেটের লক্ষ্যবস্তুর ওপর বেশ কয়েক দফা হামলা চালানোর পর এলো এই ফরাসি পদক্ষেপ। সম্প্রতি বিদ্রোহীরা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করেছে।

২০১৪ সালে ইসলামিক স্টেটের জঙ্গিরা সিরিয়ার পূর্বাঞ্চল ও ইরাকের পশ্চিমাঞ্চলের সুবিশাল ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়েছিল। এই ঘটনায় আন্তর্জাতিক মহল নানা প্রতিক্রিয়া দেখিয়েছে, যার মধ্যে আছে এই সংগঠনটিকে পরাজিত করার জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সামরিক জোট গঠন।

এক কালে দখল করা ভূখণ্ডের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ হারালেও এখনও সিরিয়ায় জঙ্গিদের উপস্থিতি বজায় রয়েছে।

পশ্চিমের সামরিক হামলাগুলো এমন সময় এসেছে যখন আসাদ সরকারের পতনের পর সিরিয়ার রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন জেগেছে।

যে বিদ্রোহী গোষ্ঠীগুলো দ্রুতগতিতে রাজধানীতে ঢুকে পড়ে আসাদ সরকারের পতন ও তার দেশত্যাগ নিশ্চিত করেছে, তারা সব বিদ্রোহী গোষ্ঠীর কার্যক্রম বন্ধ করে সদস্যদের সিরিয়ার সেনাবাহিনীতে যুক্ত করার বিষয়ে ঘোষণা দিয়েছে।

সিরিয়ার নতুন কর্তৃপক্ষ মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মুরহাফ আবু কাসরার নাম ঘোষণা করেছে।

আসাদের উৎখাতে নেতৃত্বে দেওয়া হায়াত তাহরির আল-শাম নামের বিদ্রোহী গোষ্ঠীতে নেতৃস্থানীয় পদে ছিলেন কাসরা।

এই প্রতিবেদনের কিছু তথ্য এএফপি ও রয়টার্স থেকে নেওয়া হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG