অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কুশপুতুল পুড়িয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এ সময় জাহাঙ্গীর আলম চৌধুরীর কুশপুতুল পোড়ান তারা।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন নামের একটি সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণআন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের বিচার ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান।

এ বিষয়ে অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের আহ্বায়ক তাসনিম বিন মাহফুজ বলেন, “আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার নিঃশর্ত পদত্যাগ চাই। তার কারণ হিসেবে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার অপরাধই যথেষ্ট। পুলিশ এর আগেও প্রথম আলো অফিসের সামনে নিরস্ত্র মানুষের ওপর হামলা চালিয়েছে। এছাড়া সম্প্রতি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে তারা নির্বিচারে হামলা চালিয়েছে।”

আরেক সদস্য মোয়াজ আব্দুল্লাহ বলেন, “আজ থেকে চার মাস আগে পুলিশ সংস্কারের দাবিতে আমরা আন্দোলন করেছি। আজও তা চলমান। কিন্তু কোনো ফলাফল পাইনি। পুলিশের বিপক্ষে অভিযোগের শেষ নেই। দেশজুড়ে এখনো নানা অপরাধের সঙ্গে জড়িত হচ্ছেন তারা। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এর দায় নিয়ে পদত্যাগ করতে হবে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব।”

This item is part of
XS
SM
MD
LG