অ্যাকসেসিবিলিটি লিংক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফের উত্তেজনা, মুখোমুখি দুই দেশের নাগরিক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফের উত্তেজনা, মুখোমুখি দুই দেশের নাগরিক
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফের উত্তেজনা, মুখোমুখি দুই দেশের নাগরিক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ সীমান্তে ফের উত্তেজনা দেখা দিয়েছে। সীমান্তে দুই দেশের নাগরিকদের অবস্থান নিতে দেখা গেছে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটেছে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফের সামনেই বাংলাদেশিদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করছে ভারতীয় নাগরিকরা। ওপার থেকে টিয়ারশেল ছুড়তেও দেখা গেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিল বিজিবি।

স্থানীয় বাংলাদেশিদের অভিযোগ, সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ে ৫ শতাধিক ভারতীয় নাগরিক ও বিএসএফ সদস্য। এ খবর ছড়িয়ে পড়ার পর সীমান্তে জড়ো হতে থাকেন স্থানীয়রা। ফলে সৃষ্টি হয় উত্তেজনা। এ সময় দুই দেশের নাগরিকের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে।

বিকাল সাড়ে ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে থেমে থেমে উত্তেজনা চলছে।

৫৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে, গত ৭ জানুয়ারি চৌকা সীমান্তে আইন অমান্য করে বিএসএফের পক্ষ থেকে শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করলে বিজিবি বাধা দেয়। এতে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়ায়।

১২ জানুয়ারি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাম্প্রতিক তৎপরতা ও কর্মকাণ্ডে বাংলাদেশ সরকারের উদ্বেগের কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার কাছে এই উদ্বেগের কথা তুলে ধরেন তিনি।

কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টাসহ সংশ্লিষ্ট বিভিন্ন অনুমোদনহীন কার্যক্রমে সীমান্তে উত্তেজনা বাড়ছে ও সমস্যা তৈরি হচ্ছে জানিয়ে জসীম উদ্দিন বলেন, "এতে প্রতিবেশী দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার চেতনা ক্ষুণ্ণ হচ্ছে।"

This item is part of
XS
SM
MD
LG