শপথ হবে ক্যাপিটল ভবনের ভেতরে
যুক্তরাষ্ট্রের সংসদ কংগ্রেসের কার্যালয় ক্যাপিটল ভবনের সিঁড়িতে অনুষ্ঠানের জন্য প্রায় ২৫০,০০০ টিকেট ট্রাম্পের সমর্থক এবং গণ্যমান্য ব্যক্তিদের বিতরণ করা হয়েছিল। কিন্তু, ট্রাম্পের অনুরোধে অভিষেক অনুষ্ঠান যুক্তরাষ্ট্র ক্যাপিটল ভবনের ভেতরে নেয়ার ফলে মাত্র ৬০০ মত মানুষ সরাসরি ট্রাম্পকে শপথ নিতে দেখবেন।
রবিবার রাতে আর্ক্টিক অঞ্চল থেকে হিমশীতল হাওয়া ওয়াশিংটনের উপর দিয়ে বয়ে যাবে, যার ফলে তাপমাত্রা সোমবার দুপুরের মধ্যে সেন্টিগ্রেড মাইনাস ৬-এ নেমে যাবে। ঐতিহ্য অনুযায়ী ঐ সময়ই ন্যাশনাল মল প্রাঙ্গণের সামনে ক্যাপিটল ভবনের সিঁড়িতে খোলা আকাশের নিচে শপথ-পাঠ অনুষ্ঠান হয়ে থাকে।
ধারণা করা হচ্ছে, ১৯৮৫ সালে রনাল্ড রেগানের দ্বিতীয় অভিষেক ভবনের ভেতরে স্থানান্তর করার পর এবারের অভিষেক দিবস হবে ওয়াশিংটনে সব চেয়ে ঠাণ্ডা।
আবহাওয়ার কারণে পেনসিলভানিয়া অ্যাভিনিউ দিয়ে ক্যাপিটল থেকে হোয়াইট হাউস পর্যন্ত ঐতিহ্যবাহী প্যারেড বা পদযাত্রাও বাতিল করা হয়েছে। এখন বিভিন্ন ব্যান্ড পার্টি, মার্চিং দল ইত্যাদি ২০,০০০ আসন বিশিষ্ট ক্যাপিটল অ্যারেনায় ট্রাম্প, তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং তাঁর নতুন প্রশাসনের কর্মকর্তাদের সামনে দিয়ে প্যারেড করে যাবে। এর ফলে হাজার হাজার সমর্থক বাইরে পড়ে যাবে।