অ্যাকসেসিবিলিটি লিংক

মালিতে গাড়িবহরে পূর্বপরিকল্পিত হামলায় নিহত ৫০

মানচিত্রে মালির গাও অঞ্চল
মানচিত্রে মালির গাও অঞ্চল

শুক্রবার মালি’র উত্তর পূর্বাঞ্চলীয় গাও শহরে সেনা প্রহরাধীন একটি গাড়িবহরে সশস্ত্র ব্যক্তিদের আচমকা হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা এই তথ্য জানিয়েছেন।

গাও থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত কোবে গ্রামের কাছে এই হামলা হয়। ওই এলাকাটিতে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে ইসলামিক স্টেট সংশ্লিষ্ট সংগঠন ও আল-কায়েদা সক্রিয় ভূমিকা পালন করছে, যা সার্বিকভাবে মালি ও প্রতিবেশী দেশ বুরকিনা ফাসো ও নিজারকে অস্থিতিশীল করে তুলেছে।

নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কর্মকর্তা শনিবার জানান, “পালানোর জন্য পরিবহন থেকে মানুষ লাফিয়ে পড়ছিল। অনেক বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।”

গাও হাসপাতালে ৫৬টির মতো দেহ নিবন্ধন করা হয়েছে বলে কর্মকর্তাটি জানান। তিনি আরও জানান, এই ঘটনায় সামরিক বাহিনীর অজ্ঞাত সংখ্যক সদস্যও হতাহত হয়েছেন।

মন্তব্যের জন্য অনুরোধ জানানো হলেও মালির সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এতে সাড়া দেয়নি।

গাওর এক বাসিন্দা জানান, প্রায় ৫০ জন নিহত হয়েছেন এবং পরিবহনে অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি জানান, প্রাণঘাতি হামলার সংখ্যা এত বেড়েছে যে প্রায় প্রতিদিনই কোনো না কোনো গাড়িবহরকে সেনাবাহিনী প্রহরা দেয়।

এসব ঘটনার মূলে রয়েছে মালির অস্থিতিশীল উত্তরাঞ্চলে ২০১২ সালে তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদীদের বিদ্রোহ। এরপর থেকেই ইসলামপন্থী জঙ্গিরা সাহারার দক্ষিণে অবস্থিত দারিদ্র্যপিড়ীত কেন্দ্রীয় সাহেল অঞ্চলের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে।

এসব হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং এক বড় আকারের মানবিক বিপর্যয়ের সূত্রপাত ঘটেছে। বিভিন্ন আন্তর্জাতিক অভিবাসন সংক্রান্ত সংস্থার দেওয়ার তথ্য অনুযায়ী, জানুয়ারি পর্যন্ত এসব অঞ্চলে প্রায় ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG