অ্যাকসেসিবিলিটি লিংক

'খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন অনেক ভালো': ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া (ফাইল ছবি)
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া (ফাইল ছবি)

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরা খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বাসায় গিয়ে তাকে চিকিৎসা দিচ্ছেন।

জাহিদ হোসেন বলেন, “ম্যাডাম (খালেদা জিয়া) তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।”

জোবাইদা রহমান ও তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমানে ও প্রয়াত আরাফাত রহমানের মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান খালেদা জিয়ার দেখাশোনা করছেন।

তিনি আরও বলেন, “তিনি মানসিকভাবে আগের চেয়ে অনেক ভালো আছেন। চিকিৎসকরা তাঁকে বাসায় দেখতে গেছেন এবং তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।”

৮ জানুয়ারি খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হয়।

একই এয়ার অ্যাম্বুলেন্সে আরও ছয়জন বাংলাদেশি চিকিৎসকের সঙ্গে ভ্রমণ করা অধ্যাপক জাহিদ জানান, লন্ডনে আসার পর থেকে তিনি লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

বর্তমানে তিনি অধ্যাপক প্যাট্রিক কেনেডি, অধ্যাপক জেনিফার ক্রস ও ড. ব্যারেটের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

জাহিদ হোসেন বলেন, “বাসায় চিকিৎসকেরা সার্বক্ষণিক তার চিকিৎসা তত্ত্বাবধান করছেন এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।”

জিয়া পরিবারের পক্ষ থেকে তিনি বিএনপি চেয়ারপারসন ও প্রবাসী বাংলাদেশিদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ জানান।

খালেদা জিয়া কবে দেশে ফিরবেন এমন প্রশ্নের জবাবে অধ্যাপক জাহিদ বলেন, “ম্যাডাম তখনই বাংলাদেশে ফিরবেন যখন এখানকার চিকিৎসকরা তাকে পরামর্শ দেবেন বা যখন তারা মনে করবেন তিনি ভ্রমণের জন্য উপযুক্ত। ইনশাল্লাহ সময় হলে তিনি দেশে ফিরবেন।”

৮ জানুয়ারি খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় এবং ২৫ জানুয়ারি তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এরপর থেকে ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে ছেলের বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনির সমস্যা, হার্টের সমস্যা, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।

This item is part of
XS
SM
MD
LG