অ্যাকসেসিবিলিটি লিংক

ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা 

কেন্দ্রীয় শহীদ মিনার। (ছবি- ইউএনবি)
কেন্দ্রীয় শহীদ মিনার। (ছবি- ইউএনবি)

মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখতে ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগ স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সারা দেশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

২০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহীদ মিনারে আসেন এবং ঘড়ির কাঁটা ১২টা ১ মিনিট ছুঁতেই পুষ্পস্তবক অর্পণ করেন।

যদিও এর আগে বুধবার (১৯ ফেব্রুয়ারি) জুলাই-অগাস্ট আন্দোলন চলাকালে হত্যার ব্যাপারে নীরবতা পালনের অভিযোগে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যেতে আহ্বান জানায় বিপ্লবী ছাত্র পরিষদ।

এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রথম প্রহরে বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকরাও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

এ ছাড়া, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

ঢাকায় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গাইতে গাইতে খালি পায়ে হেঁটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সর্বস্তরের মানুষ।

বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের জন্য জীবন উৎসর্গকারী ভাষা আন্দোলনের বীরদের প্রতি শ্রদ্ধা জানান তারা।

তৎকালীন পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা করতে অস্বীকার করে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দিলে প্রতিবাদে ঢাকার রাজপথে নেমে আসে ছাত্র-জনতা।

১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে সালাম, বরকত, রফিক, জব্বারসহ বাংলার কয়েকজন বীর সন্তান পুলিশের গুলিতে শহীদ হন।

দিনটি সরকারি ছুটির দিন।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি রেডিও ও টিভি চ্যানেল এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে।

একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

This item is part of
XS
SM
MD
LG