চলতি বছরের মে মাসের মধ্যে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব শেষ হওয়ার সম্ভাবনার পূর্বাভাস দিয়েছেন সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইন এর গবেষকেরা।
বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ওয়েবসাইটে সোমবার এমন তথ্য তুলে ধরে গবেষকরা আগামী ডিসেম্বরের প্রথমার্ধে করোনা মহামারী সারা বিশ্ব থেকে পুরোপুরি বিদায় নেয়ারও পূর্বাভাস দিয়েছেন। এতে বলা হয় ১৩১টি দেশে ভাইরাসটি বিস্তারের ধরন, মানবদেহে ক্ষতিকর প্রভাব ও বৈশিষ্ট্যসহ সব কিছুর বিশ্লেষণের পর তার ওপর ভিত্তি করে গবেষকেরা এ পূর্বাভাস দিয়েছেন। গবেষকরা জানিয়েছেন তাঁরা সাসসিপটাবেল ইনফেক্টেড রিকভারড বা সার মডেল ব্যবহার করে বিভিন্ন দেশ থেকে পাওয়া তথ্যে ও করোনাভাইরাসের জীবনচক্রের মেয়াদ সম্পর্কে প্রচুর তথ্যের ওপর ভিত্তি করে এ উপসংহারে পৌঁছেছেন। এতে ১৩১টি দেশের বিষয়ে কোন দেশে কবে নাগাদ করোনা ভাইরাসের প্রকোপ কমা শুরু করবে এবং শেষ হবে তার পূর্বাভাস দেয়া হয়েছে।
বাংলাদেশ সম্পর্কে গবেষণার পূর্বাভাসে বলা হয়েছে দেশটিতে এ ভাইরাসটি ১৯শে মে'র মধ্যে ৯৭ শতাংশ এবং এবং ৩০শে মের মধ্যে ৯৯ শতাংশ বিলীন হয়ে যাবে। বাংলাদেশ থেকে ভাইরাসটির পুরোপুরি বিদায় নিতে ১৫ জুলাই পর্যন্ত সময় লাগতে পারে বলে গবেষকরা জানিয়েছেন। গবেষণার পূর্বাভাসে বলে হয়েছে, যুক্তরাষ্ট্রে ১১ই মের মধ্যে করোনার সংক্রমণের প্রকোপ ৯৭ শতাংশ কমে যাবে। তবে সিঙ্গাপুরের ঐ বিশ্ববিদ্যালয়টির গবেষকরা বলেছেন, তাঁরা এই ১৩১ টি দেশের করোনা পরিস্থিতিকে পর্যবেক্ষণ করা অব্যাহত রাখবেন।
এদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার উত্তরাঞ্চলের রাজশাহী বিভাগের কর্মকর্তাদের সাথে এক ভিডিও কনফারেন্সে বলেছেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অব্যাহত থাকলে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তিনি বলেন, করোনা মহামারির ফলে বিশ্বে খাদ্যাভাবের কারনে দুর্ভিক্ষ হওয়ার যে পূর্বাভাস আন্তর্জাতিক সংস্থাগুলো দিয়েছে তা থেকে বাঁচতে দেশের কৃষি খাতে উৎপাদন বাড়ানোর জন্য কৃষকদের সাথে সমন্বয় করে উদ্যোগ নিতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, যে সকল ক্ষুদ্র ব্যবসায়ীর ব্যবসা বন্ধ আছে তাঁদের ঋণের সুদগুলো যাতে স্থগিত থাকে এবং পরবর্তীতে কতটুকু মাপ করা যায় তার ব্যবস্থা নেয়া হবে।