যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে, ভারত, আফগান প্রতিরক্ষা বাহিনীকে আরও সাহায্য প্রদান করবে এবং নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সাহায্য করবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্প্রতি আফগানিস্তান সংক্রান্ত এক নতুন কলাকৌশল পরিকল্পনা উন্মুক্ত করার পর, ভারত ও আফগানিস্তানের প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকে ভারতের সাহায্যের কথা ঘোষণা করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর পরিকল্পনায়, তাদের ভূমিকা আরও জোরদার করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
সোমবার নতুন দিল্লীতে আফগান ও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয় তারা নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয় সন্ত্রাসবাদ, সংগঠিত অপরাধমূলক তৎপরতা, মাদকের চোরাচালান এবং কালো টাকা সাদা করার বিরুদ্ধে লড়াইয়ে ভারত সাহায্য করবে।