ভারতে, দুই অনুসারীকে ধর্ষণ করার অভিযোগে, আদালত, বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে ১০ বছরের কারাদন্ড দিয়েছে। দুই ঘটনার জন্য তাকে পৃথক ভাবে ১০ বছর করে কারাদন্ড দেওয়া হয় কিন্তু তা একই সময়ে কার্যকর হবে।
উত্তরের হারিয়ানা রাজ্যের রোতাকে সিং কে রাখা হয়েছিলো। সোমবার বিচারককে হেলিকপ্টারে করে সেখানে নিয়ে যাওয়া হয় যাতে তিনি দন্ডাদেশ দিতে পারেন। তার আগে শত শত নিরাপত্তা রক্ষী ওই কারাগার আর শহরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে।
সেখানে সেনাবাহিনী সতর্ক অবস্থায় আছে। রাস্তায় সেনা মোতায়েন করা হয় এবং কাটাতারের বেড়া বসানো হয়। এ সব ব্যবস্থা নেওয়া হয় যাতে শুক্রবারের ঘটনার পুনরাবৃত্তি না হয়। শুক্রবার সিং যখন দোষী সাব্যস্ত হয় তখন সহিংসতায় ৩৮জন নিহত হয়।