টেনিস তারকা রাফায়েল নাদাল, আবুধাবিতে একটি প্রদর্শনী টুর্নামেন্ট খেলে তার বাড়িতে ফিরে এসে করোনা পরীক্ষা করালে, পজিটিভ রিপোর্ট আসে বলে সোমবার স্প্যানিয়ার্ড জানিয়েছে।
নাদাল টুইটারে লিখেছেন, স্পেনে আসার পর তিনি যে পিসিআর টেস্ট করেছিলেন, তার পজেটিভ ফল এসেছে।
নাদাল বলেছেন, তিনি বর্তমানে “অপ্রীতিকর মুহূর্তগুলি” সহ্য করছেন, তবে “ধীরে ধীরে” উন্নতির আশা করছেন। তিনি বাড়িতে আইসোলেশনে রয়েছেন এবং তার সংস্পর্শে আসা সমস্ত লোককেও তার পজেটিভ রেজাল্টের কথা জানানো হয়েছে।
নাদালের সংস্পর্শে আসা লোকেদের মধ্যে অন্যতম ছিলেন, স্পেনের প্রাক্তন রাজা হুয়ান কার্লোস-১। গত বছর স্প্যানিশ রাজপরিবারের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠলে, তিনি বিব্রত বোধ করেন এবং সংযুক্ত আরব আমিরাতে চলে গিয়ে সেখানেই বসবাস করছেন।
স্পেনের এল মুন্ডো সংবাদপত্রে প্রকাশ, নাদাল এবং ৮৩ বছর বয়সী হুয়ান কার্লোস, শুক্রবার প্রদর্শনী ম্যাচটি শুরুর আগে একটি খাবার ভাগাভাগি করে খেয়েছিলেন। পত্রিকাটি তাদের দু’জনের মাস্ক ছাড়াই একসঙ্গে পোজ দেওয়ার ছবিও প্রকাশ করেছে।
নাদাল বলেন, তিনি প্রতি দুই দিন পর পর পরীক্ষা করিয়েছিলেন এবং শনিবারের পর্যন্ত সমস্ত রেজাল্টই নেগেটিভ ছিল।
শুক্রবার আবুধাবিতে চার মাসেরও বেশি সময় পর নাদাল তার প্রথম ম্যাচ খেলতে নেমে, অ্যান্ডি মারের কাছে সরাসরি সেটে হেরে যান। ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ী এই টেনিস তারকার দীর্ঘস্থায়ী পায়ের জখম তাকে এই মৌসুমের শেষ মাসগুলিতে বসে থাকতে বাধ্য করেছিল।
আগস্টের শুরুতে ওয়াশিংটনে লয়েড হ্যারিসের কাছে হেরে যাওয়ার পর থেকে, নাদাল আর কোনও টুর্নামেন্টে অংশ নিতে পারেননি। তিনি উইম্বলডন, টোকিও অলিম্পিক এবং ইউএস ওপেন’এ অংশ নেননি।