আর্ন্তজাতিক অপরাধ আদালত সংক্ষেপে আইসিসি’র প্রধান কৌঁশুলী বলছেন, সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির তার দেশ থেকে কোটি কোটি ডলার চুরি করেছেন, সেই প্রমাণ তার কাছে আছে।
বৃটেনের দা গার্ডিয়ান সংবাদ পত্রে দুর্নীতির অভিযোগের এই রিপোর্ট প্রকাশের পর আজ আইসিসি’র প্রধান কৌঁশুলী লুই মরেনো ওকামপো এক বিবৃতি দিয়েছেন।
উইকিলিকস্ এর ওয়েবসাইটে প্রকাশিত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক নথিপত্রের ওপর ভিত্তি করে ঐ রিপোর্ট তৈরি করা হয়েছে। নথিতে বলা হয়েছে, মরেনো ওকামপো বলেছেন যে, মি বশির ৯ শো কোটি ডলার সরিয়েছেন, সম্ভবত এই অর্থ লনডনের লয়েডস্ ব্যাংকে রাখা হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, প্রধান কৌশুঁলীর বিশ্বাস, মি বশিরের যে পরিমান অর্থ আছে বলে অভিযোগ, জনসাধারন তা জানতে পারলে তার জনপ্রিয়তায় ধ্বস নামবে।
সুদানের কর্মকর্তারা বলছেন মোরেনো ওকামপোর অভিযোগ মিথ্যা এবং মি: বশিরের সুনামহানির চেষ্টার একটি অংশ। সুদানের দারফুর অঞ্চলে যুদ্ধাপরাধ ও গনহত্যার মূল পরিকল্পনাকারি বলে আইসিসি সুদানের নেতার বিরুদ্ধে অভিযোগ এনেছে।