অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের যাত্রীবাহী বিমান গুলি করে ভূপাতিত করার জন্য ইরান দায়ী: ইউক্রেন

ফাইল ছবি- ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ফ্লাইট PS752, বোয়িং 737-800 বিমানের ধ্বংসাবশেষের দৃশ্য দেখা যাচ্ছে। ৮ জানুয়ারি ২০২০। (ছবি-রয়টার্স)
ফাইল ছবি- ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ফ্লাইট PS752, বোয়িং 737-800 বিমানের ধ্বংসাবশেষের দৃশ্য দেখা যাচ্ছে। ৮ জানুয়ারি ২০২০। (ছবি-রয়টার্স)

ইউক্রেন তার অভিযোগকে আরও জোরালো করছে যে ২০২০ সালে তেহরানের উপর দিয়ে উড়ে যাওয়া ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান গুলি করে ভূপাতিত করার পেছনে ইরানের একটি বিদ্বেষপূর্ণ ভূমিকা ছিল।বিশ্ব এই মর্মান্তিক ঘটনার দ্বিতীয় বার্ষিকী পালন করছে।

ইউক্রেনের ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারি ওলেক্সি ড্যানিলভ বুধবার ভিওএর ফার্সি বিভাগের সঙ্গে একান্ত এক সাক্ষাৎকারে বলেন, "২০২০ সালের ৮ই জানুয়ারী যা ঘটেছিল তা ছিল একটি বেসামরিক বিমানের ওপর সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ড।"

ইউক্রেনের ইন্টারন্যাশনাল এয়ারলাইনস ফ্লাইট PS752- ভূপাতিত করার তদন্তে সহযোগিতা করতে এবং ক্ষতিপূরণ প্রদানে ইরানের অস্বীকৃতিতে ড্যানিলভ হতাশা প্রকাশ করেন।

ইরান স্বীকার করেছে যে তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র ঐ বিমানটিকে আঘাত করে যার ফলে ১৭৬ জন যাত্রী মারা যায়।তবে তারা এই ঘটনাকে একটি দুর্ঘটনা বলে অভিহিত করেছে এবং আকাশসীমা প্রতিরোধ ব্যবস্থার চালকদের এই ত্রুটির জন্য দায়ী করেছে। বিমানটি কয়েক মিনিট আগে তেহরান থেকে উড্ডয়ন করেছিল এবং বেশিরভাগ যাত্রী ছিলেন ইরানি এবং ইরানি কানাডিয়ান যারা কানাডার উদ্দেশ্যে কিয়েভ যাচ্ছিলেন।

যে ইরানি বাহিনী ইউক্রেনের বিমানটিকে গুলি করে ভূপাতিত করেছিল তারা কয়েক ঘন্টা আগে ইরাকে যুক্তরাষ্ট্রের সেনাদের উপর ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তার প্রতিক্রিয়ার জন্য সতর্ক অবস্থায় ছিল। এর পাঁচ দিন আগে বাগদাদে ইরানের শীর্ষ কমান্ডার কাসেম সোলেইমানিকে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় যে হত্যা করা হয় তারই প্রতিশোধ হিসেবে ইরান হামলা চালায়। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের কয়েক ডজন সেনা আহত হয়।

দানিলভ উল্লেখ করেন যে ফ্লাইট PS752-এ ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আগে এবং পরে ইরানের কর্তৃপক্ষ অন্যান্য বেসামরিক বিমানকে তেহরান বিমানবন্দর থেকে উড্ডয়নের অনুমতি দিয়েছিল। "আমাদের ধারণা যে তারা [ইরানিরা] আমাদের বিমানের জন্য বিশেষভাবে অপেক্ষা করছিল। আমরা এটা অনুমান করতে পারি।"

দানিলভ বলেন, যারা ইউআইএর বিমানটিতে হামলা চালানোর জন্য অপেক্ষা করছিলেন তারা ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তা। "এই আদেশটি অবশ্যই জ্যেষ্ঠ কর্মকর্তারা দিয়েছিলেন। কোন [এয়ার ডিফেন্স] পরিচালক এমন সিদ্ধান্ত নিতে পারেন না।"

এই ঘটনায় ইরানের ভূমিকার বিষয়ে ইউক্রেনের নিরাপত্তা কর্মকর্তার অভিযোগ তার আগের অভিযোগগুলোর চেয়ে কড়া এবং আরও বিস্তারিত ছিল।

XS
SM
MD
LG