অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের তালিবানের "কয়েকটি গোষ্ঠীর" সঙ্গে শান্তি আলোচনা চলছেঃ ইমরান খান

জাতিসংঘের ওয়েব টিভির দেওয়া ভিডিও থেকে তোলা এই ছবিতে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের রেকর্ডকৃত ভাষণ জাতিসংঘের সদর দফতরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে প্রচার করা হচ্ছে। ২৪ সেপ্টেম্বর ২০২১।
জাতিসংঘের ওয়েব টিভির দেওয়া ভিডিও থেকে তোলা এই ছবিতে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের রেকর্ডকৃত ভাষণ জাতিসংঘের সদর দফতরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে প্রচার করা হচ্ছে। ২৪ সেপ্টেম্বর ২০২১।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন যে তার সরকার তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপির "কিছু গোষ্ঠীর" সঙ্গে দেশটিতে শান্তি বজায় রাখার লক্ষ্যে আলোচনা করছে।টিটিপি কয়েকটি নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর জোট যারা দেশে সন্ত্রাসী হামলা চালাচ্ছে।

তুরস্কের রাষ্ট্রীয় মালিকানাধীন টিআরটি ওয়ার্ল্ডকে ইমরান খান বলেন, জঙ্গিদের সঙ্গে আফগানিস্তানে আলোচনা হচ্ছে এবং প্রতিবেশী দেশের নতুন তালিবান শাসকরা এই প্রক্রিয়ায় সাহায্য করছে।

শুক্রবার প্রকাশিত তুরস্কের ঐ গণমাধ্যমের সাক্ষাৎকারের একটি অংশে খান বলেন, " হ্যাঁ পাকিস্তানি তালিবান বা টিটিপির মধ্যে বিভিন্ন গোষ্ঠী রয়েছে, তাই আমরা তাদের কয়েকজনের সঙ্গে একটি আপোষ-রফার প্রক্রিয়া নিয়ে আলোচনা করছি।" সম্পূর্ণসাক্ষাৎকারটি শনিবার প্রচারিত হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, টিটিপি গোষ্ঠীর সঙ্গে আলোচনার লক্ষ্য হচ্ছে জঙ্গিদের তাদের অস্ত্র জমা দিতে রাজি করানো "এবং তারপর আমরা তাদের ক্ষমা করলে তারা সাধারণ নাগরিক হিসেবে চলাফেরা করতে পারবে।"

আফগান তালিবান এই প্রক্রিয়ায় সাহায্য করছে কিনা জানতে চাইলে খান উল্লেখ করেন “যেহেতু আফগানিস্তানে এই আলোচনা চলছে, তাই সেই অর্থে, হ্যাঁ”।

ভিওএর পক্ষ থেকে ইমরান খানের দাবির বিষয়ে কাবুলের ক্ষমতাসীন তালিবানের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন যে তিনি চেষ্টা করবেন প্রতিক্রিয়া জানাতে কিন্তু পরে আর কোনো জবাব দেননি।

প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, তিনি আশা করছেন আলোচনার কাঙ্খিত ফলাফল আসবে, তিনি জোর দিয়ে বলেন যে তিনি বিশ্বাস করেন যে জঙ্গিবাদের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কোন সামরিক সমাধান নেই এবং "রাজনৈতিক সংলাপই একমাত্র সামনে এগোনোর পথ।"

তিনি বলেন, "আমরা হয়তো শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত বা সমঝোতায় পৌঁছাতে পারবো না, কিন্তু আমরা কথা বলছি।"

ইমরান খান এমন সময়ে এই আলোচনার বিষয়টি প্রকাশ করলেন যখন টিটিপি সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এবং অন্যান্য লক্ষ্যবস্তুর ওপর আক্রমণ বাড়িয়ে তুলেছে। ইসলামাবাদ বলছে, নিষিদ্ধ গোষ্ঠীর নেতা ও কমান্ডাররা আফগানিস্তানে অভয়ারণ্য ব্যবহার করে সীমান্তে হামলা পরিচালনা করে।

যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ উভয়ই টিটিপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।

যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের কাছ থেকে আফগান তালিবান চাপের মধ্যে রয়েছে যাতে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলো আফগান ভূমিকে ব্যবহার করে বাইরের কোন দেশে আক্রমণ না করে।

This item is part of
XS
SM
MD
LG