যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে শুক্রবার রাতে ঘূর্ণিঝড়ের আঘাতে কয়েক ডজন লোকের মৃত্যু হয়েছে বলে আশংকা করা হচ্ছে। এ ধরণের আবহাওয়া বসন্তকালে সাধারণত দেখা যায়।ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার স্থানীয় টিভি স্টেশন ডব্লিউএলকেওয়াইকে জানিয়েছেন "সম্ভবত" কমপক্ষে ৫০ জন মারা গেছে এবং এই সংখ্যা বাড়বে বলে তিনি মনে করছেন। বেসিয়ার জরুরি অবস্থা ঘোষণা করেছেন, কেনটাকি ন্যাশনাল গার্ডকে উদ্ধারকাজে নিযুক্ত করেছেন এবং রাজ্য পুলিশ মোতায়েন করেছেন।
ইলিনয়ের এডওয়ার্ডসভিলে পুলিশ ফেসবুকে এক বিবৃতিতে জানিয়েছে "গুরুতর আবহাওয়ার কারণে" অ্যামাজনের গুদামে "একটি ভবন আংশিক ধসে" পড়েছে। সেখানে উদ্ধার অভিযান চলছে।
উত্তর আরকানসাঁয়ের মনেটে একটি নার্সিং হোমে ঘূর্ণিঝড় আঘাত করেছে। তবে ঠিক কত লোক আহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কর্মকর্তারা জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি কমপক্ষে পাঁচটি রাজ্য, আরকানসাঁ, ইলিনয়, কেন্টাকি, মিসৌরি এবং টেনেসির উপর আঘাত হানে।
আবহাওয়াবিদ এরিক ফিশার টুইটারে লিখেছেন যে যদি টেনেসি সীমান্তের কাছে ঘূর্ণিঝড়টি স্থলভাগে থাকে, এটি হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম ঘূর্ণিঝড়।