ফরাসী সেনেটরদের একটি দল বুধবার পাঁচ দিনের সফরে তাইওয়ানে পৌঁছেছেন। কয়েক দশকের মধ্যে চীন ও তাইওয়ানের মাঝে প্রচন্ড উত্তেজনার মধ্যে যুদ্ধবিমান নিয়ে চীনের বিশাল শক্তি প্রদর্শনের পরপরই এই দলটি তাইওয়ান সফর করছে।
ফ্রান্সের সেনেটার অ্যালেন রিচার্ডের নেতৃত্বে এই দলটি প্রেসিডেন্ট তসাই ইং-ওয়েন, তাইওয়ানের অর্থনৈতিক ও স্বাস্থ্য কর্মকর্তা এবং মূল ভূখন্ড বিষয়ক কাউন্সিলের সাথে সাক্ষাৎ করবেন। তাইওয়ানের আধা-সরকারী সেন্ট্রাল নিউজ এজেন্সির জানায়, তাইওয়ানের মৈত্রী দলের প্রধান ফ্রান্সের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড এই সফরের আগে ২০১৫ এবং ২০১৮ সালে তাইওয়ান সফর করেছেন।
ফেব্রুয়ারি মাসে ফ্রান্সে অবস্থিত চীনের রাষ্ট্রদূত লু শায়ে একটি সতর্কীকরণ চিঠিতে রিচার্ডকে তাইওয়ান সফর বাতিল করার আহ্বান জানিয়েছিলেন।
এই সফর সম্ভবত চীনকে আরও তীব্রভাবে তিরস্কার করতে উস্কে দেবে কারণ চীন স্বশাসিত অঞ্চল তাইওয়ানকে নিজের এলাকা বলে দাবি করে এবং চীন দ্বীপটির সাথে যে কোন আন্তর্জাতিক যোগাযোগের বিরোধিতা করে। এই যেমন তাইওয়ানে বিদেশী সরকারী কর্মকর্তাদের সফর। তাইওয়ানের যে অবশিষ্ট কূটনৈতিক মিত্র রয়েছে তাদের বিষয়টিকে চীন অনাধিকার চর্চা বলে মনে করে।
চীন ক্রমাগতভাবে যে সামরিক হয়রানি চালিয়ে আসছে তার সাম্প্রতিকতম হচ্ছে শুক্রবার থেকে সোমবার চার দিনের মধ্যে চীন তাইওয়ানের আকাশে ১৪৯ বার যুদ্ধ বিমান উড়িয়েছে। হোয়াইট হাউজ এই বিমানগুলোকে ঝুঁকিপূর্ণ এবং অস্থিতিশীল বলে অভিহিত করেছে। অন্যদিকে চীন প্রতিক্রিয়া হিসেবে জানিয়েছে যে যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করছে এবং তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্রের জাহাজ চলাচলও উস্কানিমূলক।