পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর, লাহোরের পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার একটি ব্যস্ত বাজারে একটি মোটরসাইকেলের সঙ্গে যুক্ত শক্তিশালী বোমার বিস্ফোরণে কমপক্ষে দুইজন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় পণ্য বিক্রির জন্য পরিচিত শহরের পূর্বাঞ্চলীয় আনারকলি বাজারে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে তোলা ভিডিওতে মোটরসাইকেল থেকে পোশাক এবং ধ্বংসাবশেষ মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত দোকানগুলির চিত্র দেখা যায়। ভিডিওতে লোকজনকে আহতদের সাহায্য করতেও দেখা গেছে।
একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা আবিদ খান দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, নিহত ও আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে উল্লেখ করা হয়েছে। কর্মকর্তারা বলছেন তাদের ধারণা ডিভাইসের সঙ্গে টাইমার যুক্ত ছিল যেটি বিস্ফোরণ ঘটিয়েছে।
বোমা হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।
কেউ এখনো এই হামলার দায় স্বীকার করেনি। সোমবার পরের দিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মোটরসাইকেলে চড়ে দুই বন্দুকধারী শহরের একটি ব্যস্ত বাজারের কাছে একটি নিরাপত্তা চৌকিতে গুলি চালায়। ঐ হামলায় এক পুলিশ সদস্য নিহত হয় এবং দুজন আহত হয়। ইসলামাবাদের ঐ হামলার পর লাহোরের এই ঘটনা ঘটলো।
এপির প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদের ঘটনার পর, পাকিস্তানি তালিবান সতর্ক করেছে যে তারা অদূর ভবিষ্যতে আরও হামলা চালাতে পারে। তালিবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর পাকিস্তানি তালিবান আরও সাহসী হয়েছে।
(এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে)