আফগানিস্তানে অপহৃত ছয় নারীর অবস্থান প্রকাশ করতে তালিবানের প্রতি জাতিসংঘের আহ্বান

আফগানিস্তানের নারীদের উপর তালিবানের নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আফগান নারীদের বিক্ষোভ। ২৮শে ডিসেম্বর, ২০২১।

জেনেভা — জাতিসংঘের মানবাধিকার কার্যালয় আফগানিস্তানের রাজধানী কাবুলে দুই সপ্তাহ আগে অপহৃত ছয় জন নারীর অবস্থান সম্পর্কে তথ্য দেয়ার জন্য তালিবানের প্রতি আহ্বান জানিয়েছে।

সংস্থাটি বলছে, কাবুলে নারী অধিকারের দাবীতে বিক্ষোভের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে অপহৃত ছয় জনের ভাগ্য নিয়ে তারা অত্যন্ত উদ্বিগ্ন। শনিবার, তালিবান কর্তৃপক্ষ ঘোষণা করেছে, তারা ওই নারীদের নিখোঁজ হওয়ার ঘটনা তদন্ত করছে।

জাতিসংঘের অধিকার বিষয়ক মুখপাত্র রাভিনা শামদাসানি বলেছেন, তাদের অবস্থান সম্পর্কে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

তিনি বলেন, “আমরা তালিবান কর্তৃপক্ষকে ওইসব নারী এবং তাদের আত্মীয়দের অপহরণ এবং নিখোঁজ হওয়ার বিষয়ে করা তদন্তের ফলাফলগুলি প্রকাশ্যে জানানোর জন্য বলেছি। এছাড়া তাদের নিরাপত্তা এবং অবিলম্বে মুক্তি নিশ্চিত করতে, সেই সাথে দায়ীদেরকে জবাবদিহিতার আওতায় এনে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছি”।

শামদাসানি বলেন, ওই নারীদের অপহরণ করার পর থেকে বিক্ষোভে অংশ নেওয়া অন্যান্য নারীদের বাড়িতে তল্লাশির বিষয়ে উদ্বেগজনক খবর পাওয়া গেছে। তিনি বলেন, তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, এবং তারা সুস্থ আছে কিনা, বিষয়গুলি এখনো অস্পষ্ট।

শামদাসানি বলেন, আফগানিস্তানে ভিন্নমতের ওপর তালিবান নিয়ন্ত্রণ ক্রমশ কঠিন হচ্ছে বলে মনে হচ্ছে।

তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই ধরনের সমালোচনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।এই ছয় জন নারী নিখোঁজ হওয়ার বিষয়ে সপ্তাহের শুরুতে গণমাধ্যমের প্রশ্নের জবাবে, কাউকে আটক করার কথা তিনি সম্পূর্ণ অস্বীকার করেন। তবে তিনি এও বলেন, “বিচ্ছিন্নতাবাদীদের বা যারা আইন ভঙ্গ করে, তাদের গ্রেপ্তার ও আটক করার” অধিকার কর্তৃপক্ষের রয়েছে।