এবার গাজীপুর সাফারি পার্কে অসুস্থ সিংহীর মৃত্যু

ঘাসের ওপর বিশ্রামে সিংহী। (ছবি- অ্যাডোবি স্টক)

গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বৃহস্পতিবার বেলা একটায় অসুস্থতার কারণে একটি আফ্রিকান সিংহীর মৃত্যু হয়েছে। সিংহীটির বয়স আনুমানিক ১১ বছর।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১আগস্টে প্রথমে সিংহীটির অসুস্থতা শনাক্ত হয়। পেটের দিকে পানি জমে থলির মত অংশ ঝুলে থাকতে দেখা যায়। সিংহীটির শারীরিক অসুস্থতা শনাক্ত হওয়ার পর হতেই নিয়মিতভাবে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকার সাবেক কিউরেটর ডা. এবিএম শহীদ উল্লাহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের ভেটেরিনারী টিচিং হাসপাতালের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. রফিকুল আলম এর পরামর্শ অনুযায়ী পার্কের ভেটেরিনারী অফিসার চিকিৎসা অব্যাহত রাখেন।

৩ ফেব্রুয়ারি সকাল আনুমানিক সাড়ে ৭ টার পর হতে শ্বাসকষ্ট হলে সিংহীটিকে পার্কের ভেটেরিনারী সার্জন চিকিৎসা দেন। চিকিৎসা দানের পরেও একটার দিকে অসুস্থ সিংহীটিকে মৃত অবস্থায় শনাক্ত করা হয়।

সাফারি পার্কে নতুন প্রকল্প পরিচালক

ওদিকে গত এক মাসে ১০টি জেব্রা মারা যাওয়ার ঘটনায় গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবিরকে সরিয়ে দেয়া হয়েছে।

বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা এর বন সংরক্ষক (চলতি দায়িত্ব) মোল্যা রেজাউল করিমকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে প্রকল্প পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে।

এর আগে ৩১ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুরে জেব্রার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং দায়িত্বে অবহেলাকারীদের শনাক্তকরণের লক্ষ্যে গঠিত মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সুষ্ঠু তদন্তের স্বার্থে ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান এবং ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনকে প্রত্যাহার পূর্বক বন অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত করে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়।

শনিবার পর্যন্ত এক মাসের ব্যবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১০টি জেব্রা মারা গেছে।