বঙ্গোপসাগরে ১৮ ট্রলারডুবি-৩ জেলে নিখোঁজ

কক্সবাজারে বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফেরার পর জেলেরা তাদের নৌকা তীরে টেনে তুলছে। ৪ অক্টোবর ২০২০।

ঝড়ের কবলে পড়ে সুন্দরবনের দুবলারচর ও বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় ১৮টি মাছ ধরার ছোট–বড় ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। এই সময় তিনজন জেলে নিখোঁজ ও দুজন জীবিত জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার (৪ ফেব্রূযারি) রাত ১০টার দিকে ট্রলার ডুবির ঘটনা ঘটে।

এদিকে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। এ ছাড়া বৃষ্টিতে দুই কোটি টাকার শুটকি নষ্ট হওয়ার দাবি করা হয়েছে। নিখোঁজ জেলেরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার শাহিন (৪০), মফিজুল (৩০) ও খুলনার কয়রা উপজেলার চাকলা গ্রামের মিজান (৩৪)।

সুন্দরবন পূর্ব বিভাগের দুবলারচর ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রলাদ চন্দ্র রায় বলেন, “জেলেরা বঙ্গোপসাগর ও দুবলারচরের বিভিন্ন এলাকায মাছ আহরণ করছিলেন। শুক্রবার রাত ১০টার দিকে হঠাৎ প্রচণ্ড ঝড় ও বৃষ্টি শুরু হয়। ঝড়ের কবলে পড়ে দুবলার চরের আট কিলোমিটারের মধ্যে ১০টি ও দুবলারচর থেকে ৪৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় আটটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা শতাধিক জেলে সাঁতরিয়ে এবং অন্য ট্রলারের সাহায্যে তীরে উঠতে সক্ষম হলেও তিন জেলে নিখোঁজ হয়।”

তিনি জানান, ঝড়ের সময় মুষলধারে বৃষ্টিতে ভিজে দুবলারচরে জেলেদের বিপুল পরিমাণ শুটকি মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।শুটকি মাছক্ষতিগ্রস্ত হওয়ায় জেলেরা আর্থিকভাবে দুই কোটিটাকার ওপরে ক্ষতির মুখে পড়েছে।প্রায় ১০ হাজার জেলে শুটকি মৌসুমে দুবলারচরে মাছ শুকানোর কাজে অবস্থান করছেন।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে বন বিভাগ, কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা অভিযান চালাচ্ছে। বঙ্গোপসাগর ও দুবলারচরের প্রায় ৪০ কিলোমিটার এলাকা জুড়ে উদ্ধার অভিযান চলছে।তবে শনিবার দুপুর পর্যন্ত নিখোঁজ ওই তিন জেলের সন্ধান মেলেনি।