ভারতে পাচারকালে সাতজন রোহিঙ্গা উদ্ধার–একজন আটক

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় সাতজন রোহিঙ্গাকে উদ্ধার করেছে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উদ্ধারকারীদের মধ্যে ছয়জন নারী ও একজন পুরুষ।

এ সময় ইদ্রিস নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, রোহিঙ্গা ক্যাম্প থেকে মানবপাচারের গোপন খবর পেয়ে বৃহস্পতিবার রাতে রামুর চেইন্দা এলাকায় বিশেষ তল্লাশি চৌকি বসিয়ে অভিযান চালানো হয়। এ সয়ম সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যাওয়ার সময় সাত রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করা হয়। তাদেরকে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন মো. ইদ্রিস নামের এক ব্যক্তি।

মানবপাচারকারীরা প্রলোভনে ফেলে রোহিঙ্গাদের পার্শ্ববর্তী দেশে নিয়ে যাচ্ছিল। কিন্তু আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা তৎপরতার কারণে তাদের পরিকল্পনা ভেস্তে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারে জড়িত আরও দুজনের নাম জানিয়েছেন ইদ্রিস।

আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, এই চক্রে কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।