বরিশালের আড়িয়াল খাঁ নদে ট্রলারডুবির ঘটনায় শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে আরেকজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।
উদ্ধার করা লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। তার নাম রফিকুল ইসলাম। সে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কাসিমউদ্দিন শেখের ছেলে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট এস এম তাহসিন রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে কোস্টগার্ড সদস্যরা নদী থেকে রফিকুলের লাশ উদ্ধার করে। তবে এখনো আরও একজন নিখোঁজ রয়েছেন।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি বরিশালের উপকূলে আড়িয়াল খাঁ নদে ৪২ যাত্রীসহ ট্রলারটি ডুবে যায়। তখন নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করা হয়।
বরিশাল নৌ-সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, রাত ১টার দিকে চরমোনাই ইউনিয়নের নলচর উপকূলে ট্রলারটি ডুবে যায়।