দ্বিতীয় টি–টোয়েন্টিতে বাংলাদেশকে ৮ উইকেটে হারাল আফগানিস্তান

আফগানিস্তানের হজরতুল্লাহ জাজাই ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ জয়ের পর তার সতীর্থ দরবেশ রাসুলিকে আলিঙ্গন করছেন। ৫ মার্চ ২০২২।

বাংলাদেশের রাজধানী ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (৫ মার্চ) দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৮ উইকেটের বিরাট ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান।

এই জয়ের মাধ্যমে আফগানিস্তান ১-১ সমতায় সিরিজ শেষ করেছে।

টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১১৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১৭ দশমিক ৪ ওভারে ৮ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান।

৪৫ বলে তিন চার ও পাঁচ ছক্কায় জাজাইয়ের ৫৯ রান ও উসমান গনির ৪৭ রান আফগানিস্তানের জন্য সহজ জয় নিশ্চিত করে।

এর আগে বাংলাদেশের ওপেনার মুনিম শাহরিয়ার ও মোহাম্মদ নাইম আবারও নিজেদের যোগ্যতা প্রমাণে ব্যর্থ হয়েছেন।

এই ম্যাচের মধ্য দিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০তম টি-টোয়েন্টি খেলেছেন মুশফিকুর রহিম। চোটের কারণে আফগানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি খেলতে পারেননি তিনি। এ ছাড়া ৯৬ ম্যাচ খেলে এ তালিকায় মুশফিকের পরই আছেন বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩০ রান আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে।

এর আগে একই ভেন্যুতে প্রথম ম্যাচে বাংলাদেশ ৬১ রানে জয়ী হয়েছিল।

উল্লেখ্য, ১৮ মার্চ থেকে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ১১ মার্চ টাইগারদের দেশটির উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

দ্বিতীয় টি–টোয়েন্টিতে বাংলাদেশ একাদশে ছিলেন—মোহাম্মদ নাইম, লিটন দাস (উইকেটরক্ষক) সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, আফিফ হোসেন, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশে ছিলেন—হজরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেট-রক্ষক), উসমান গনি, দরবেশ রসুলি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, রশিদ খান, করিম জানাত, ফজল হক ফারুকী ও শরফুদ্দিন আশরাফ।