রাশিয়ার বিরুদ্ধে হাসপাতালে বোমাবর্ষণের অভিযোগ করেছে ইউক্রেন 

গোলাগুলিতে বিদ্ধস্থ ইউক্রেনের একটি প্রসূতি হাসপাতালের সামনে পুড়ে যাওয়া গাড়ি। (ছবি- রয়টার্স)

ইউক্রেনের মারিউপোল শহরে বুধবার রাশিয়া একটি প্রসূতি হাসপাতাল ধ্বংস করেছে, এমন সংবাদে ঘটনাটির নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। অপরদিকে, রাশিয়ার তৈরি মিগ যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটিতে স্থানান্তর করে সেগুলোকে ইউক্রেনে পাঠানোর পোল্যান্ডের প্রস্তাবটি নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

পেন্টাগনের প্রেস সচিব জন কারবি বলেন, “সার্বভৌম কোন দেশ কি করতে চায় সেটির সিদ্ধান্ত তারা নিজেরা নিতে পারে। তবে এমন ধারণা, এই জেটবিমানগুলো আমাদের জিম্মায় হস্তান্তর করে তারপর সেগুলোকে ইউক্রেনের কাছে হস্তান্তরের যেই প্রস্তাব, সেটি এমন একটি প্রস্তাব যেটি আমরা এই মুহূর্তে বিবেচনা করে দেখব না।”

যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী, এভাবে হস্তান্তর করাটা “অত্যন্ত ঝুঁকিপূর্ণ” হিসেবে বিবেচিত হবে বলে কারবি জানান। তিনি আরও বলেন, এটিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘটনার তীব্রতা বৃদ্ধি হিসেবে মনে করতে পারেন। পুতিন দুই সপ্তাহ আগে প্রতিবেশি দেশ ইউক্রেনে আক্রমণ আরম্ভ করেন।

যুদ্ধবিমানগুলো জার্মানীতে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে পাঠানোর পোল্যান্ডের প্রস্তাবটির সমালোচনা করেছে রাশিয়া্। ক্রেমলিনের মুখপাত্র দ্যমিত্রি পেসকভ মঙ্গলবার প্রস্তাবটিকে একটি “সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি” হিসেবে বর্ণনা করেন।

অপরদিকে, হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বুধবার বলেন, “আমার মনে হয় বিষয়টি খুবই পরিষ্কার, এটার জন্য কোন সামরিক বিশেষজ্ঞের প্রয়োজন নেই এটা বুঝতে যে, যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটি থেকে বিমান উড্ডয়ন করে এমন একটি দেশের এলাকায় যাবে যেখানে যুদ্ধ চলছে, এই বিষয়টি কেন আমাদের স্বার্থের সাথে যায় না এবং কেন নেটোর স্বার্থের সাথে যায় না।

হাসপাতালের উপর আক্রমণটির ফলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি আবারও ইউক্রেনের আকাশসীমাকে উড্ডয়ন-নিষিদ্ধ এলাকা হিসেবে ঘোষণা দেওয়ার জন্য নেটোর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “আপনাদের ক্ষমতা আছে, তবে মনে হচ্ছে আপনারা মানবতা হারিয়ে ফেলছেন”।

যুক্তরাষ্ট্র সেই আহ্বানে সাড়া দেওয়া থেকে বিরত থেকেছে এবং উল্লেখ করেছে যে, উড্ডয়ন-নিষিদ্ধ এলাকাটি কার্যকর করলে সেটি যুক্তরাষ্ট্রকে কার্যত রাশিয়ার সাথে একটি সরাসরি সংঘাতে লিপ্ত করে ফেলবে।