বাংলাদেশের চট্টগ্রাম জেলায় কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ। (ছবি- অ্যাডোবি স্টক)

বাংলাদেশের চট্টগ্রাম জেলা মহানগরীর হালিশহর থানা এলাকায় নিজ বাসা থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার পর থেকে ওই বাসার ভাড়াটিয়া আলমগীর হোসেন পলাতক রয়েছেন।

রবিবার (১৩ মার্চ) রাত ১০টার দিকে আলী শাহ মাজারসংলগ্ন ভাড়া বাসা থেকে ১৩ বছর বয়সী ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা সোমবার দুপুরে হালিশহর থানায় মামলা করেছেন।

পরিবারের বরাত দিয়ে হালিশহর থানা পুলিশ জানায়, কিশোরী সকালে প্রাইভেট পড়ে আসার পর দীর্ঘ সময় ধরে রুমে একা ছিল। তার সঙ্গে কথা বলতে ওই কিশোরীর বাবা ঘরে ঢুকলে মেয়ের নিথর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, “রাতে ওই কিশোরীর নিজ বাসা থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণ করার পর তাকে হত্যা করা হয়েছে। ওই বাসায় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন অটোরিকশাচালক আলমগীর হোসেন। তার স্ত্রী গার্মেন্টসে চাকরি করেন। বাসায় স্ত্রী না থাকার সুযোগে আলমগীর ওই কিশোরীকে ধর্ষণ করে হত্যা করতে পারে। ঘটনার পর থেকে আলমগীর পলাতক রয়েছে।”

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।