কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্তসহ তিনজন গ্রেপ্তার

প্রতীকী ছবি।

বাংলাদেশের কক্সবাজার জেলায় আদালত চত্বর থেকে এক নারীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৯টি দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (২৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা।

গ্রেপ্তারকৃতরা হলেন-ঈদগাঁও উপজেলার ইসলামপুর এলাকার বাসিন্দা ফিরোজ ওরফে মোস্তাক ডাকাত, একই এলাকার মো. শরীফ ওরফে শরীফ কোম্পানি ও নুরুল ইসলাম।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওই কর্মকর্তা জানান, শনিবার ভোররাতে ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকা থেকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার তিন অভিযুক্কে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের আস্তানা থেকে মাটি খুঁড়ে একটি বিদেশি পিস্তল, ৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজি ও বন দখলের একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর ঈদগাঁও থানায় হস্তান্তর করা হবে। এরই মধ্য দিয়ে এসব সন্ত্রাসীদের তৎপরতা কমে আসবে বলে আশা প্রকাশ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওই কর্মকর্তা।

উল্লেখ্য, গত ১৪ মার্চ রাতে কক্সবাজার সদর মডেল থানায় এক নারী অভিযোগ করেন, ওই দিন দুপুরে কক্সবাজারের আদালত চত্বর থেকে তুলে নিয়ে ফিরোজসহ কয়েকজন তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। ১৫ মার্চ ওই নারী বাদী হয়ে ফিরোজসহ কয়েকজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।