ইংল্যান্ডের বিপক্ষে বড় হার দিয়েই শেষ হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওয়ানডে বিশ্বকাপ অভিযান। রোববার ওয়েলিংটনে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে হেরেছে ১০০ রানে। বাংলাদেশের বিপক্ষে জয়ে রাউ রবিন লিগ–পর্বে তৃতীয় হয়ে ইংল্যান্ডের সেমিফাইনালে যাওয়ার ভালো একটা সম্ভাবনা তৈরি হলো। টানা তিন হার দিয়েই শুরু হয়েছিল ইংল্যান্ডের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। শেষ চার ম্যাচ জিতে তারাই এখন সেমিতে।
টসে জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং নিয়েছিল ইংল্যান্ড। শুরুটা মোটেও ভালো হয়নি। জাহানারা আলমের বলে ড্যানি উইয়াট ফেরেন ফাহিমা খাতুনের হাতে ক্যাচ দিয়ে। স্কোরবোর্ডে ইংলিশদের সংগ্রহ তখন ১৫। এরপর ২৬ রানে দ্বিতীয় উইকেট হারায় ইংল্যান্ড। আউট হন হিথার নাইট। ইংলিশ অধিনায়ককে উইকেটের পেছনে নিগার সুলতানার ক্যাচে পরিণত করেন সালমা খাতুন।
এরপর তৃতীয় উইকেট জুটিতে ট্যামি বেমোন্ট আর ন্যাট শিভার ১০১ বলে ৬০ রান যোগ করেন। কিছুটা ঘুরে দাঁড়ায় ইংলিশরা। কিন্তু ৮৬ রানে বোমোন্ট আউট হন ঋতু মনির বলে ফাহিমার ক্যাচ হয়ে। দলীয় সংগ্রহের সঙ্গে আর ১০ রান যোগ করেই (৯৬) ফেরেন ন্যাট শিভার। তিনি ফাহিমার বলে এলবিডব্লু হন। ৯৬ রানে ইংল্যান্ডের ৪ উইকেট ফেলে দিয়ে বাংলাদেশের মেয়েরা তখন ভালো অবস্থানে। বোমেন্ট করেন ৬৯ বলে ৩৩ আর শিভার ৫৭ বলে ৪০।
তবে এই জায়গা থেকেই নিয়ন্ত্রণ আলগা হতে শুরু করে বাংলাদেশের। অ্যামি জোন ও সোফিয়া ডাঙ্কলি পঞ্চম উইকেট জুটিতে ৯৭ বলে ৭২ রান যোগ করেন। ডাঙ্কলি ৭২ বলে ৬৭ রান করে সালমার বলে নিগারের হাতে স্টাম্পড হন। জোনস ফেরেন ৪৭ বলে ৩১ রান করে। তিনি লতা মণ্ডলের বল সালমা খাতুনকে ক্যাচ দেন। ডাঙ্কলি আর জোনসের দুর্দান্ত ব্যাটিংয়ের সঙ্গে শেষের দিকে ক্যাথরিন ব্রান্ট ও সোফি একলেসটনের দুটি ছোট অথচ ঝোড়ো ইনিংস ইংল্যান্ডের সংগ্রহ নিয়ে যায় ৬ উইকেটে ২৩৪ রানে। ব্রান্ট ২২ বলে ২৪ আর একলেসটেন ১১ বলে ১৭ রান করেন।
বাংলাদেশের পক্ষে ৪৬ রানে ২ উইকেট নিয়েছেন সালমা। একটি করে উইকেট নিয়েছেন জাহানারা আলম, ঋতু মনি, ফাহিমা খাতুন ও লতা মণ্ডল।
২৩৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। শামীমা সুলতানা ও শারমিন আক্তারের উদ্বোধনী জুটিতে রান আসে ৪২। কিন্তু শারমিন (২৩) একলেসটনের বলে বোল্ড হলে বাংলাদেশ পথ হারায়। এরপর জুটি গড়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বাংলাদেশের মেয়েরা। তৃতীয় উইকেট জুটিতে ফারজানা হক ও নিগার সুলতানার ৪১ বলে ২২ আর সপ্তম উইকেটে লতা মণ্ডল আর ঋতু মনির ৩৬ বলে ২৫ রান ছাড়া বলার মতো কোনো জুটিই নেই। নিগার ৩৭ বলে ২২ রান করেন। লতা মণ্ডল আজও ভরসা হয়ে ছিলেন বাংলাদেশ দলের। তিনি ৪৫ বলে ৩০ রান করেন। উদ্বোধনী ব্যাটসম্যান শারমিন আর শামীমা দুজনেই ২৩ রান করে করেন, এর বাইরে ফারজানা হক ১১ আর ঋতু মনি ১১ করেছেন। ৪৮ ওভার পর্যন্ত নিজেদের টানতে পেরেছে বাংলাদেশ, এরপর গুটিয়ে যায় ১৩৪ রানেই। ইংল্যান্ডের পক্ষে একলেসটেন ১৫ রানে ৩ উইকেট নিয়েছেন। চার্লি ডিনও নিয়েছেন ৩ উইকেট।
আজ একটি–দুটি ভালো জুটিই বাংলাদেশকে ইংল্যান্ডের সংগ্রহের কাছাকাছি নিয়ে যেতে পারত। ম্যাচের পর সেই কথাটিই বলেছেন অধিনায়ক নিগার, ‘আজকের ম্যাচে হারের মূল কারণ জুটি গড়তে না পারা। আমরা জুটি গড়ার চেষ্টা করেছি, কিন্তু মাঝে উইকেট হারিয়েছি। টপ অর্ডার ৩০–৩৫ ওভার পর্যন্ত ব্যাটিং করতে পারলে হয়তো কিছু হতো। দলীয় পারফরম্যান্সটা ভালো হয়নি। কিন্তু ব্যক্তিগত পারফরম্যান্স আমি খুশি।’
এই প্রথম ওয়ানডে ক্রিকেটে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে খেলার সুযোগ পেল বাংলাদেশ। বিশ্বকাপ শেষে বেশি করে ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ চেয়েছেন বাংলাদেশের অধিনায়ক, ‘আমাদের বেশি করে ম্যাচ খেলতে হবে। আমরা যতো বেশি ম্যাচ খেলব, তত বেশি শিখব। এই টুর্নামেন্ট থেকে সব ইতিবাচক জিনিসগুলো আমরা ভবিষ্যতে কাজে লাগাতে চাই। আমি মনে করি এবারের বিশ্বকাপের পর অনেক মেয়েরাই ক্রিকেটে আগ্রহী হয়ে উঠবে।’
🏴 ইংল্যান্ড ২৩৪/৬ (৫০ ওভার)
ডাঙ্কলি ৬৭, শিভার ৪০, সালমা ২/৪৬।
🇧🇩 বাংলাদেশ ১৩৪/১০ (৪৮ ওভার)
লতা মণ্ডল ৩০, শামীমা ২৩, শারমিন ২৩, একলেসটন ৩/১৫, চার্লী ডিন ৩/৩১।