ফরিদপুরে কিশোরকে হত্যা করে অটো-রিকশা ছিনতাই

বাংলাদেশের ফরিদপুর জেলার সদর উপজেলায়, এক কিশোরকে হত্যার পর, তার অটো-রিকশা ছিনতাই করে নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার মাচ্চর ইউনিয়নের উত্তর দয়ারামপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম সাব্বির বিশ্বাস। সে চরমাধবদিয়া ইউনিয়নের আছিরুদ্দিন মুন্সিরডাঙ্গী গ্রামের ঘোড়াগাড়ি চালক আলমগীর বিশ্বাসের ছেলে।গোলডাঙ্গির পদ্মার চর হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিলো সাব্বির।পড়াশোনার খরচ জোগাতে অটো-রিকশা চালাতো সে।

সাব্বিরের চাচা জাহাঙ্গীর বিশ্বাস জানান, শুক্রবার সকালে ব্যাটারি চালিত রিকশা নিয়ে বাড়িথেকে বের হয় সাব্বির। রাত গভীর হলেও বাড়িতে না ফেরায়, পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। শনিবার সকালে একটি জমিতে স্থানীয় লোকজন সাব্বিরের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই কিশোরকে হত্যা করে, তার রিকশাটি ছিনতাই করা হয়েছে।”