আরও ২৪ ঘণ্টা করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ, শনাক্ত ৫৬

করোনার টিকার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষমান মানুষ। ঢাকা, জানুয়ারি ৩০, ২০২২।

বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) কেউ মারা যাননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে নতুন শনাক্ত হয়েছে ৫৬ জনের। বাংলাদেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১২২ জন এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার ৭৭০ জনে পৌঁছেছে।

রবিবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ। বাংলাদেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ১০ শতাংশ।

শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৫৯৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৮৩ হাজার ৫১০ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৫০ শতাংশ।