জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে অপসারণের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনের কিয়েভের উপকণ্ঠে বুচাতে ধ্বংসপ্রাপ্ত রাশিয়ান ট্যাংকের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে সেনারা ক্ষতবিক্ষত মৃতদেহ ও ধ্বংসস্তুপের সন্ধান করছেন। ৩ এপ্রিল ২০২২

ইউক্রেনে সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে যুক্তরাষ্ট্র সোমবার (৪ এপ্রিল) জাতিসংঘের সাধারণ পরিষদের কাছে সংস্থাটির মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে অপসারণ করার দাবি জানিয়েছে।

রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেছেন, “মানবাধিকার কাউন্সিলে রাশিয়ার অংশগ্রহণ একটি প্রহসন”। "এবং এটি অন্যায়ও। তাই আমরা বিশ্বাস করি যে, জাতিসংঘের সাধারণ পরিষদে তাদের অপসারণে ভোট দেওয়ার সময় এসেছে”।

বুচায় রুশ সেনারা কয়েক ডজন বেসামরিক লোককে হত্যা করেছে—ইউক্রেনের এই অভিযোগের ভিত্তিতে থমাস-গ্রিনফিল্ড রাশিয়ার অপসারণের জন্য আহ্বান জানান।

ইউক্রেন বলেছে যে, তারা এই হত্যাকাণ্ডের তদন্ত করছে। অন্যদিকে রাশিয়া এই হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছে।

রাশিয়াকে কাউন্সিল থেকে সরিয়ে দিতে ১৯৩ সদস্যের পরিষদের দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন।

জেনেভায় অবস্থিত কাউন্সিলটি মূলত প্রতীকী। তবে এটি মানবাধিকার লঙ্ঘনের তদন্তের অনুমোদন দিতে পারে।

রাশিয়া ৪৭ সদস্যের এই কাউন্সিলে তিন বছরের মেয়াদের দ্বিতীয় বছরে পা দিয়েছে।

সংস্থাটি রাশিয়াকে অপসারণের আহ্বানের বিষয়ে এখনো মন্তব্য করেনি।

ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণের পর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদ দেশটির কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে দুটি প্রস্তাব পাস করেছে।

[এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স থেকে নেওয়া হয়েছে]