মালাউইতে সাংবাদিক গ্রেপ্তার, আইটি সরঞ্জাম জব্দ করেছে পুলিশ

অনুসন্ধানী প্রতিবেদক গ্রেগরি গন্ডওয়ে তার মুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, সরকার নিজেই স্ববিরোধী। (সৌজন্যে - গ্রেগরি গন্ডওয়ে)

ব্লান্টার, মালাউই — মালাউইতে পুলিশ একজন অনুসন্ধানী প্রতিবেদককে তার সংবাদের উত্স সম্পর্কে জিজ্ঞাসাবাদ এবং তার সরঞ্জাম বাজেয়াপ্ত করায়, গণমাধ্যমের স্বাধীনতা গোষ্ঠী এবং মালাউইতে আমেরিকান এবং ব্রিটিশ দূতাবাসগুলি উদ্বেগ প্রকাশ করেছে।

গ্রেগরি গন্ডওয়ে নামের ওই সাংবাদিক বলেন, পুলিশ তার খবরের উত্স প্রকাশ করার ব্যর্থ প্রচেষ্টায় মঙ্গলবার তাকে চার ঘন্টা ধরে আটকে রাখে। গন্ডওয়ে গত মার্চ মাসে দুর্নীতির অভিযোগে বিচারাধীন এক ব্যবসায়ীর সাথে সরকারের কথিত গোপন লেনদেনের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন।

মালাউইয়ের অ্যাটর্নি জেনারেল থাবো চাকাকা নাইরেন্ডা দুর্নীতি দমন ব্যুরোর আওতায় নথি ফাঁসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে ঘোষণা করার পর, অনুসন্ধানী একটি সংবাদ মাধ্যম প্ল্যাটফর্ম ফর ইনভেস্টিগেটিভ জার্নালজিম’এর সাথে কাজ করা গোন্ডওয়েকে গ্রেপ্তার করা হয়।

৩০ শে মার্চ প্রকাশিত গন্ডওয়ে তার প্রতিবেদনে যে নথিটি ব্যবহার করেছিলেন, তাতে দেখা যায় নাইরেন্ডা সরকারকে দুর্নীতির সাথে জড়িত সন্দেহভাজন জুনেথ সাত্তারকে অর্থ প্রদানের অনুমতি দিয়েছেন।

তার প্রতিবেদনে গন্ডওয়ে বলেছেন, সরকার পুলিশের জন্য আটটি দাঙ্গা-বিরোধী জলকামান সংগ্রহের জন্য সাত্তারের কোম্পানি, মালাচাইট এফজেডই-কে গোপনে কয়েক মিলিয়ন ডলার প্রদান করেছে।

গন্ডওয়ে বুধবার ভিওএ-কে বলেন, যে তিনি কীভাবে এবং কার কাছ থেকে ওই নথি পেয়েছেন তা প্রকাশ করার জন্য পুলিশ দাবি করছে।

মালাউইতে দক্ষিণ আফ্রিকার মিডিয়া ইনস্টিটিউটের চেয়ারপার্সন তেরেজা এনডাঙ্গা স্থানীয় এক রেডিওকে বলেছেন, সাংবাদিক গ্রেপ্তারের বিষয়টি মালাউইতে গণমাধ্যমের স্বাধীনতাকে অক্ষুন্ন রাখার সরকারের দাবির ঠিক বিপরীত।

মঙ্গলবার একটি যৌথ বিবৃতিতে, মালাউইতে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ দূতাবাসগুলি এই পদক্ষেপের নিন্দা করেছে এবং পুলিশকে অবিলম্বে বাজেয়াপ্ত সরঞ্জামগুলি গন্ডওয়েকে ফেরত দিতে এবং সেখানে পাওয়া যে কোনও ব্যক্তিগত তথ্যকে সম্মান করতে বলেছে।

তবে পুলিশের সহকারী কমিশনার জেমস কাদাদজেরা বুধবার ভিওএ-কে বলেন, পুলিশ ওই সাংবাদিককে গ্রেপ্তার করেনি।

শেষ পর্যন্ত মালাউই পুলিশ মঙ্গলবার সাংবাদিক গন্ডওয়েকে নিঃশর্তভাবে মুক্তি দেয় এবং বুধবার তার সরঞ্জামগুলো ফেরত দেয়।