ইথিওপিয়া পশ্চিম টিগ্রায় সম্পর্কে অধিকার গোষ্ঠীর রিপোর্ট পরীক্ষা করবে

ইথিওপিয়ার টিগ্রায়তে, গ্রামবাসীরা একটি বাজার থেকে দক্ষিণ মধ্য টিগ্রায় এর ইয়েচিলা শহরে ফিরে এসেছেন, পেছনে পোড়া যানবাহন দেখা যাচ্ছে ৷ ১০ জুলাই, ২০২১

অধিকার গোষ্ঠীর প্রতিবেদনের জবাবে ইথিওপিয়া পররাষ্ট্র মন্ত্রক একটি বিবৃতি জারি করেছে এবং বলেছে যে তারা টিগ্রায় এর পশ্চিম অংশে সংঘটিত অধিকার লঙ্ঘনগুলি সতর্কতার সাথে পরীক্ষা করে দেখবে।

মন্ত্রক বলেছে যে ইথিওপিয়া মানবাধিকার ও মানবিক আইন লঙ্ঘনের জন্য দায়ী সকলকে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা বলেছে যে একটি আন্তঃমন্ত্রণালয় টাস্ক ফোর্স, প্রতিবেদনটি পরীক্ষা করবে এবং এটি যথাযথ বিবেচনা করবে বলে আশা করা হচ্ছে।

কিন্তু শুধুমাত্র ইথিওপিয়ান সরকারকে পশ্চিম টিগ্রায়তে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী করার জন্য ইথিওপিয়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচের যৌথ প্রতিবেদনের সমালোচনা করেছে ।

দু’টি অধিকার গোষ্ঠীই বুধবার পশ্চিম টিগ্রায় এর পরিস্থিতি নিয়ে একটি বিশদ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এলাকার নবনিযুক্ত কর্মকর্তারা এবং প্রতিবেশী আমহারা অঞ্চলের কর্তৃপক্ষ, ইথিওপিয়ার ফেডারেল বাহিনীর সম্মতি এবং সম্ভাব্য অংশগ্রহণের মাধ্যমে, হুমকি, বেআইনি হত্যা, যৌন সহিংসতা, গণহারে আটকের ঘটনার মধ্য দিয়ে টিগ্রায়ের কয়েক লাখ নাগরিককে তাদের বাড়ি থেকে পরিকল্পিতভাবে বহিষ্কার করেছে। আটক, লুট, জোরপূর্বক স্থানান্তর করেছে এবং মানবিক সহায়তা থেকে বঞ্চিত করেছে।

অধিকার গোষ্ঠীগুলি বলছে যে প্রতিবেদনটি টিগ্রায় এর পশ্চিমাঞ্চলে ৪০০ জনেরও বেশি বাসিন্দার সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের নির্বাহী পরিচালক কেনেথ রথ বলেছেন, আমহারার কর্মকর্তারা এবং নিরাপত্তা বাহিনী পশ্চিম টিগ্রায়তে সেখানকার অধিবাসীদের তাদের বাড়িঘর থেকে বিতাড়িত হতে বাধ্য করার জন্য জাতিগত নির্মূল অভিযানে নিয়োজিত রয়েছে। তিনি ইথিওপিয়ার কর্তৃপক্ষকে অপরাধ অস্বীকার করার জন্য এবং এটি মোকাবেলায় ব্যর্থতার জন্য দায়ী করেছেন।