রাশিয়াতে অস্ত্র বিক্রির আইনের ফাঁক বন্ধ করে দিল ইইউ

FILE - ইউরোপীয় কমিশনের সদর দপ্তরের বাইরে ব্রাসেলেস’এর শুম্যান চত্বরে ই.ইউ’র পতাকা (ফাইল ফটো, মে ৮ ২০২১)

২০১৪ সালে ইউক্রেনের ক্রাইমিয়া অঞ্চলটি রাশিয়া দখল করে নেওয়ার পর, রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তবে, আইনের একটি ফাঁক ব্যবহার করে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সরকারগুলো শুধুমাত্র গত বছরই রাশিয়ায় কোটি কোটি ইউরোর সমপরিমাণ অস্ত্র বিক্রি করেছে। আইনের সেই ফাঁকটি সম্প্রতি বন্ধ করে দিয়েছে ইইউ।

ইইউ কমিশনের সর্বসাম্প্রতিক প্রকাশিত তথ্য থেকে জানা যায়, ইইউ দেশগুলো গত বছর রাশিয়ার কাছে ৩ কোটি ৯০ লক্ষ ইউরোর (৪ কোটি ২৩ লক্ষ ডলার) সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ বিক্রি করেছে। এটি ২০২০ সালের তুলনায় ৫০% বেশি। সেই বছর দেশগুলো রাশিয়ায় ২ কোটি ৫০ লক্ষ ইউরোর অস্ত্র বিক্রি করেছিল, যা কিনা আগের বছরগুলোর বিক্রির পরিমাণের সাথে সামঞ্জস্যপূর্ণ।

ক্রাইমিয়া দখলের প্রতিক্রিয়া হিসেবে, ২০১৪ সালের জুলাই মাসে রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ ঘোষণা করে ইইউ। তবে, নিষেধাজ্ঞার একটি ধারা অনুযায়ী, ২০১৪ সালের আগস্ট মাসের পূর্বে হওয়া চুক্তিগুলো অনুযায়ী অস্ত্র বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল।

ফ্রান্স ও জার্মানীর মত বৃহৎ প্রতিরক্ষা শিল্প সম্বলিত দেশগুলো বৃহত্তম অস্ত্র রফতানীকারক দেশের তালিকায় অন্তর্ভুক্ত ছিল।

তবে, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আক্রমণটি আরম্ভ হওয়ার পর থেকে, আইনের এই ফাঁকটি কিছু কিছু ইইউ-ভুক্ত দেশের সরকারের সমালোচনার মুখে পড়ে। আক্রমণটিকে রাশিয়া একটি “বিশেষ সামরিক অভিযান” হিসেবে আখ্যায়িত করেছে।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাটিকে দূর্বল করতে এ পর্যন্ত রাশিয়ার উপর পাঁচ দফা ঢালাও নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ। সেগুলোর মধ্যে দেশটিতে বিভিন্ন প্রকারের প্রযুক্তি রফতানিও নিষিদ্ধ করা হয়েছে, যেই প্রযুক্তিগুলো প্রতিরক্ষা খাতে ব্যবহার হতে পারে।

তবে, অস্ত্র বিক্রির বিষয়ে আগের অব্যাহতি পাওয়া ঐ চুক্তিগুলোকে তাৎক্ষণিকভাবে বাতিল করার সম্পর্কে গত সপ্তাহ পর্যন্তও ইইউ সরকারগুলো সম্মত হতে পারেনি। তবে, গত সপ্তাহে পঞ্চম দফায় নিষেধাজ্ঞা আরোপের অংশ হিসেবে ইইউ আইনের ঐ ফাঁকটি বন্ধ করে দেয় বলে, ইইউ এর কূটনীতিক ও কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন।

ইইউ এর সরকারী জার্নালে ৮ এপ্রিল প্রকাশিত এক আইনী পাঠ্য, পূর্বের ঐ অব্যাহতিটি বাতিল করে দিয়েছে।