কক্সবাজারের কুতুবদিয়ায় বজ্রপাতে দুজনের মৃত্যু

বাংলাদেশের কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায় শুক্রবার (১৫ এপ্রিল) বজ্রপাতে দুজন নিহত ও একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন—উপজেলার তাবলরচর গ্রামের আব্দুল জব্বারের ছেলে সিহাব উদ্দিন (৬০) এবং পটুয়াখালীর গলাচিপা গ্রামের সাত্তার হাওলাদারের ছেলে সাহাব উদ্দিন (৫০)।

সূত্র জানায়, শুক্রবার দুপুর ২টার দিকে তাবলরচর এলাকায় একটি ইঞ্জিনচালিত নৌকায় সিহাব উদ্দিন লবণ তুলছিলেন। এমন সময় সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে। একই সময় কুতুবদিয়া চ্যানেলে বজ্রপাতে সাহাব উদ্দিন অজ্ঞান হয়ে পড়েন।

হাসপাতালের এক চিকিৎসক জানান, তাদের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আহত ব্যক্তি হলেন—কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের জেলেপাড়ার পারবেশ দাসের ছেলে সুশীল দাস (৩৬)। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার জানান, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।