বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত বেড়েছে

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের বৃদ্ধির মধ্যে বিপুল সংখ্যক লোক কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়েছে। ৩০ জানুয়ারী ২০২২।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) মহামারি করোনাভাইরাসের নতুন শনাক্ত হয়েছে ৫১ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ কিছুটা বেড়েছে। আগের দিন এ সংখ্যা ছিল ২৭। অন্যদিকে এই সময়ে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে পরপর পাঁচ দিন করোনায় মৃত্যুশূন্য দিন কাটাল বাংলাদেশ।

বাংলাদেশে এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ২৭৫ জনে পৌঁছেছে এবং মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৪ জন।

শনিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এই সময়ে শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ।

বাংলাদেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২৫২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৯০ হাজার ৫১৬ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮৪ শতাংশ।