কীটনাশক পানেই দুই সাঁওতাল কৃষকের মৃত্যু হয়েছে— ময়নাতদন্ত প্রতিবেদন

কীটনাশক পানেই দুই সাঁওতাল কৃষকের মৃত্যু হয়েছে— ময়নাতদন্ত প্রতিবেদন (প্রতীকী ছবি)

বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় দুই সাঁওতাল কৃষকের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, কীটনাশক পানেই তাদের মৃত্যু হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. কফিল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (১৬ এপ্রিল) তদন্ত প্রতিবেদন হস্তান্তরও করা হয়েছে বলে জানান তিনি।

ডা. কফিল উদ্দিন বলেন, “আমরা মৃতের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের নমুনা সংগ্রহ করেছিলাম। ভিসেরা রিপোর্ট অনুযায়ী মৃত দুজনের শরীরে কিটনাশক পাওয়া গেছে। পরীক্ষায় আমরা অর্গানো ফসফরাস যৌগ নামে এক ধরনের কিটনাশক পাই। এই বিষপানেই তাদের মৃত্যু হয়েছে বলে আমরা চূড়ান্ত প্রতিবেদন দিয়েছি”।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহফুজুর রহমান জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মামলা কোন দিকে যাবে তা নিশ্চিত করে বলা যাবে। প্রতিবেদন যেহেতু হাতে আসছে, এরপর মামলায় গতি পাবে বলেও মনে করেন তিনি।

উল্লেখ্য, সেচের পানি না পেয়ে এবং হয়রানির শিকার হয়ে গোদাগাড়ী উপজেলার নিমঘটু গ্রামের দুই কৃষক গভীর নলকূপের পাশেই গত ২৩ মার্চ বিকেলে কীটনাশক পান করেছিলেন। দুই কৃষক হলেন অভিনাথ মারান্ডি (৩৬) ও তাঁর চাচাতো ভাই রবি মারান্ডি (২৭)। ঘটনার দিন রাতেই অভিনাথ মারা যান। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ মার্চ রাত আটটার দিকে মারা যান রবি মারান্ডি।

অভিনাথ ও রবির পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, অনেক ঘুরেও গভীর নলকূপ থেকে সেচের পানি পাচ্ছিলেন না তারা। তাই ক্ষোভে ওই নলকূপের সামনেই দুজনে বিষ পান করেন।