ইসলামিক স্টেট খোরাসান উজবেকিস্তানে রকেট হামলা চালিয়েছে বলে দাবি করেছে

২০২১ সালের ১৫ অগাস্টে তোলা এই ছবিতে তেরমেজের কাছে উজবেকিস্তান এবং আফগানিস্তানকে পৃথককারী আমু দরিয়া নদীর ওপর “মৈত্রী সেতু” থেকে দুই কিলোমিটার দূরে একটি পুলিশ চেকপয়েন্টের কাছে একটি কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে।

ইসলামিক স্টেটের একটি আঞ্চলিক অঙ্গসংগঠন সোমবার (১৮ এপ্রিল) বলেছে যে, তারা প্রতিবেশী আফগানিস্তান থেকে উজবেকিস্তানে রকেট হামলা চালিয়েছে। মধ্য এশিয়ার দেশটির বিরুদ্ধে সন্ত্রাসী দলটির এটি প্রথম হামলা।

ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ সীমান্ত শহর তেরমেজে একটি উজবেক সামরিক ঘাঁটিতে ১০টি রকেট নিক্ষেপ করেছে। দলটি সোমবার প্রকাশিত একটি বিবৃতিতে বলেছে বলে জানিয়েছে, সন্ত্রাসী প্রচারণা বিষয়ে প্রচারকারী সাইট ইন্টেলিজেন্স।

উজবেক কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে আইএস খোরাসানের দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশের সীমান্ত শহর হাইরাতান থেকে রকেটগুলো উৎক্ষেপণ করা হয় বলে জানা গেছে। সন্ত্রাসী দলটি তাদের দাবির সমর্থনে ক্ষেপণাস্ত্রগুলোর একটি ছবি এবং ভিডিও প্রকাশ করেছে।

২০ বছর পর গত অগাস্টে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিদেশি সেনা প্রত্যাহারের পর আইএস খোরাসান আফগানিস্তান ও আশেপাশে হামলা বাড়িয়েছে।

এই দলটি প্রতিবেশী পাকিস্তানে বেশ কয়েকটি হামলা চালিয়েছে, যার মধ্যে গত মাসে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি শিয়া মসজিদে একটি মারাত্মক আত্মঘাতী বোমা হামলাও রয়েছে।

হামলায় সংখ্যালঘু সম্প্রদায়ের ৬০ জনেরও বেশি উপাসক নিহত হন এবং আরও অনেক লোক আহত হন। পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারী একজন আফগান শরণার্থী, যিনি আফগানিস্তানে প্রশিক্ষণ নিয়েছেন।

পাকিস্তানি তালিবানের হামলা

এদিকে, ওয়াশিংটন কর্তৃক একটি বৈশ্বিক সন্ত্রাসী দল হিসেবে ঘোষিত পাকিস্তানি তালিবান (টিটিপি) বিদেশি সেনা প্রত্যাহার এবং তালিবানের ক্ষমতায় ফিরে আসার পর থেকে তার আফগান ঘাঁটি থেকে পাকিস্তানে হামলা জোরদার করেছে।

ইসলামাবাদের কর্তৃপক্ষ বলছে যে, নিষিদ্ধ পাকিস্তান বিরোধী জঙ্গি সংগঠনের নেতা ও যোদ্ধারা পাকিস্তানি সন্ত্রাসবিরোধী অভিযান থেকে বাঁচতে পালিয়ে আফগানিস্তানে ঘাঁটি স্থাপন করেছে এবং নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে আন্তসীমান্ত হামলার পরিকল্পনা করছে।

পাকিস্তানি কর্মকর্তারা বলছেন যে, বছরের শুরু থেকে, আফগান সীমান্তের প্রত্যন্ত জেলাগুলোতে টিটিপির বন্দুক হামলা এবং রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ১০০ জনেরও বেশি পাকিস্তানি সামরিক কর্মকর্তা ও সেনা নিহত হয়েছেন।

রবিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রক আফগানিস্তানে তালিবান শাসকদের পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর আন্তসীমান্ত হামলাকারী জঙ্গিদের বিরুদ্ধে “কঠোর পদক্ষেপ” নেওয়ার আহ্বান জানিয়েছে।

“পাকিস্তান পাক-আফগান সীমান্ত অঞ্চল সুরক্ষিত করার জন্য গত কয়েক মাসে আফগান সরকারকে বারবার অনুরোধ করেছে। সন্ত্রাসীরা পাকিস্তানের অভ্যন্তরে কার্যকলাপ চালাতে আফগান মাটি ব্যবহার করছে এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না”, মন্ত্রক এক বিবৃতিতে বলেছে।

তালিবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিদেশি সেনাদের অপসারণের পর থেকে টিটিপির কার্যকলাপে লাগাম টানতে ইসলামাবাদ তালিবানকে চাপ দিয়ে আসছে।