পাকিস্তানে নতুন মন্ত্রীসভার শপথ গ্রহণ

ফাইল ফটো : পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইসলামাবাদে প্রধানমন্ত্রীর আবাসস্থলে গার্ড অফ অনার অনুষ্ঠানের সময়। (প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি) রয়টার্সের মাধ্যমে প্রকাশিত)

পাকিস্তানের বিরোধী দলের নেতৃত্বাধীন সংসদীয় অনাস্থা ভোটের মাধ্যমে দেশটির প্রায় চার বছরের পুরনো সরকারের পতন হবার এক সপ্তাহ পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নতুন মন্ত্রিসভা মঙ্গলবার শপথ গ্রহণ করেছে।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাদিক সানজরানি ৩৭জন মন্ত্রী ও উপদেষ্টাকে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান। এসময় শরীফ এবং তার পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

১১ এপ্রিল পাকিস্তানের জাতীয় পরিষদ বা পার্লামেন্টের নিম্নকক্ষে ইমরান খানের উত্তরসূরি হিসেবে নির্বাচিত শরীফ তার তিক্ত রাজনৈতিক প্রতিপক্ষ পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-কে দ্বিতীয় বৃহত্তম অংশীদার হিসেবে নিয়ে আরও কয়েকটি দলের সমন্বয়ে জোট সরকার গঠন করেছেন।

প্রায় চার বছর পর ক্ষমতায় ফিরে আসা পিএমএল-এন এবং পিপিপির মন্ত্রিসভায় যথাক্রমে ১৬ ও ১১ জন সদস্য রয়েছে। বাকিরা জোটের ছোট অংশীদারদের প্রতিনিধিত্ব করে।

ইমরান খান রাশিয়া সফর এবং পাকিস্তানের জন্য একটি “স্বাধীন পররাষ্ট্র নীতি” প্রবর্তন করতে চাওয়ায় তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার জন্য তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দলের সাথে যুক্তরাষ্ট্রের যোগসাজশের অভিযোগ করেছেন।

পাকিস্তানের বিরোধী দলগুলোর মতো ওয়াশিংটনও অভিযোগগুলোকে সত্য নয় বলে প্রত্যাখ্যান করেছে।

মন্ত্রিসভার সদস্যদের মধ্যে রয়েছেন খাজা মোহাম্মদ আসিফ, আহসান ইকবাল, আয়াজ সাদিক এবং মরিয়ম আওরঙ্গজেবের মতো বিশিষ্ট পিএমএল-এন নেতারা ।

মঙ্গলবার শপথ নেওয়া মন্ত্রিসভায় পিপিপির প্রতিনিধিত্বকারী মন্ত্রীদের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খান, ওয়াশিংটনে সাবেক রাষ্ট্রদূত শেরি রহমান এবং সাবেক মন্ত্রী খুরশীদ শাহ।