নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখার সেক্রেটারি গ্রেপ্তার

জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখার সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল

নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখার সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ইমাজ উদ্দিন মণ্ডল পবা থানায় দায়ের করা একটি নাশকতার মামলার পলাতক অভিযুক্ত।

ইমাজ উদ্দিন মণ্ডল রাজশাহী নগরের রাজপাড়া থানার তেরখাদিয়া পশ্চিমপাড়ার বাসিন্দা। শুক্রবার বিকাল ৫টার দিকে নগরীর তেরখাদিয়ার একটি মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার অভিযুক্ত ও তার অন্য সহযোগীরা সরকার বিরোধী অপপ্রচারসহ নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করেন। তাই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম, নাশকতামূলক কর্মকাণ্ড ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং দাঙ্গা–হাঙ্গামাসহ মোট ৩৫টি মামলা আদালতে বিচারাধীন।